Advertisement
E-Paper

চার বছর পর টেনিসে ফিরে জয়! ৪৪ বছর বয়সে কি উইম্বলডনে প্রত্যাবর্তন সেরিনার? জবাব দিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন

দ্বিতীয় বার মা হওয়ার পর আবার টেনিসে ফিরেছেন সেরিনা উইলিয়ামস। এই মাসেই রয়েছে উইম্বলডন। সেখানে কি দেখা যাবে সেরিনাকে? জবাব দিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২২:৫৯
sports

সেরিনা উইলিয়ামস। ছবি: রয়টার্স।

আবার কি গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে তাঁকে? আবার কি দেখা যাবে সেই পাওয়ার টেনিস? আবার কি দেখা যাবে সেই দাপট? টেনিসপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন। চলতি মাসের শেষে উইম্বলডনে কি নামবেন সেরিনা উইলিয়ামস? তার জবাব দিলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন।

২০২২ সালে অবসর নিয়েছিলেন সেরিনা। চার বছর পর আবার পেশাদার টেনিসে ফিরেছেন তিনি। কানাডার কিশোরী ভিক্টোরিয়া বোকোর সঙ্গে জুটি বেঁধেছেন ৪৪ বছর বয়সি তারকা। স্ট্রেট সেটে জিতেছেন ম্যাচ। পুরনো সেরিনার ঝলক দেখা গিয়েছে। ঘণ্টায় ১২০ মাইল গতিবেগে সার্ভিস করেছেন। সন্তানের জন্মের পর ওজন ঝরিয়েছেন। এখন আরও ফিট লাগছে তাঁকে। সেরিনার খেলা দেখে উচ্ছ্বসিত দর্শকেরা।

উইম্বলডনে সাত বার চ্যাম্পিয়ন হয়েছেন সেরিনা। আরও এক বার কি ঘাসের কোর্টে দেখা যাবে তাঁকে? জবাব হ্যাঁ অবশ্য বলেননি তিনি। ঠিক তেমনই না-ও বলেননি সেরিনা। ধোঁয়াশা রেখে দিয়েছেন। সেরিনা বলেন, “আমি একটা করে দিন হিসাব করে এগোচ্ছি। এখনও সময় আছে। আমি খুশি যে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় পাব। দেখা যাক কী হয়।” অর্থাৎ, প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। তাতেই খুশি ভক্তেরা।

নিজের খেলায় খুশি নন সেরিনা। এখনও উন্নতি করতে হবে মনে মনে করেন তিনি। সেরিনা বলেন, “নিজেকে সি মাইনাস নম্বর দেব। আরও ভাল খেলতে পারি। আরও ভাল খেলতে হবে। অবশ্য টেনিসে ফেরার পর একটা অনুশীলনেও ফাঁকি মারিনি। পরিশ্রম করছি।” ডাবলসের পর এ বার সিঙ্গলসেও নামবেন সেরিনা। নিজেকে তৈরি রাখতে চাইছেন তিনি।

সেরিনার এই জয়ের সাক্ষী থেকেছে তাঁর দুই কন্যা। আট বছরের অলিম্পিয়া ও দু’বছরের আদিরা। কন্যাদের সামনে জয়ের অনুভূতি সম্পূর্ণ আলাদা। সেরিনা বলেন, “আদিরা খেলনার দোকানে যাওয়ার বায়না ধরেছিল। অলিম্পিয়া জিজ্ঞাসা করছিল, নৈশভোজে কী খাবে। তার মাঝেই ওরা মায়ের খেলা দেখতে এসেছে। হয়তো ভবিষ্যতে এ ভাবেই আমি ওদের খেলা দেখতে যাব।”

Serena Williams Wimbledon 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy