Advertisement
E-Paper

আইসল্যান্ডের তরুণ স্ট্রাইকারের পরিচয় জেনে চমকে গেলেন মেসি, টেনে নিলেন কাছে, বিশ্বকাপের আগে হুঁশিয়ারি প্রতিপক্ষ দলগুলিকে

খেলা শেষ হওয়ার পর মেসির সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে আসেন আইসল্যান্ডের স্ট্রাইকার ড্যানিয়েল গুরজনসেন। প্রতিপক্ষ ফুটবলারের মুখে প্রাক্তন সতীর্থের নাম শুনে চমকে ওঠেন লিয়ো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২২:১৬
picture of football

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পর চমকে গেলেন লিয়োনেল মেসি। বুঝতেই পারেননি প্রতিপক্ষ দলের হয়ে খেলছেন তাঁরই এক প্রাক্তন সতীর্থের ছেলে। পাশাপাশি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার আগে প্রতিপক্ষ দলগুলিকে সতর্ক করে দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

আইসল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছেন মেসিরা। চোট সারিয়ে এই ম্যাচেই প্রথম নামেন এলএম টেন। খেলা শেষ হওয়ার পর প্রতিপক্ষ দলের এক ফুটবলারের পরিচয় পেয়ে চমকে উঠলেন তিনি। খেলা শেষ হওয়ার পর মেসির সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে আসেন আইসল্যান্ডের স্ট্রাইকার ড্যানিয়েল গুরজনসেন। ২০ বছরের স্ট্রাইকার এসে মেসিকে বলেন, তাঁর বাবা বার্সেলোনার প্রাক্তন ফুটবলার এইডুর গুরজনসেন। প্রতিপক্ষ ফুটবলারের মুখে প্রাক্তন সতীর্থের নাম শুনে চমকে ওঠেন লিয়ো। অন্যদের সঙ্গে সৌজন্য বিনিয়মের মধ্যে ড্যানিয়েলের কিছুক্ষণ কথা চালিয়ে যান। প্রাক্তন সতীর্থের খোঁজ নেন। ড্যানিয়েলকে জড়িয়েও ধরেন। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন এইডুর। পেপ গুয়ার্ডিওয়ালার কোচিংয়ে ২০০৯ সালে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। সেই দলে মেসি এবং এইডুর ছিলেন।

এই ম্যাচের পর প্রতিপক্ষ দলগুলিকে সতর্ক করে দিয়ে মেসির বার্তা, আর্জেন্টিনার মোকাবিলা করা সহজ হবে না। তিনি বলেছেন, ‘‘আমাদের প্রতিপক্ষদের জন্য কাজটা এ বার বেশ কঠিন। আর্জেন্টিনার মুখোমুখি হওয়া সহজ হবে না। আমাদের দল অত্যন্ত শক্তিশালী। আমাদের মধ্যে দুর্দান্ত একতা রয়েছে এবং সকলে ভীষণ অদম্য এবং উৎসাহী।’’ তিনি আরও বলেছেন, ‘‘রেকর্ড বা কোনও ব্যক্তি অর্জন নিয়ে ভাবি না। দলগত লক্ষ্য নিয়েই ভাবি। সেটা অর্জন করার পর মানসিক ভাবে অনেক শান্তি পাই।’’

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পেরে খুশি মেসি। তিনি বলেছেন, ‘‘সব কিছু খুব দ্রুত ঘটে গেল। ভালই চলছিল সবকিছু। ইন্টার মায়ামির হয়ে খেলছিলাম। প্রস্তুতিও ঠিকঠাক চলছিল। দেশের হয়েও বেশির ভাগ ম্যাচ খেলেছি।’’

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Lionel Messi Argentina Iceland
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy