Advertisement
E-Paper

রোনাল্ডোর বিকল্প নেই! ফুটবল খেলার ধরনটাই বদলে দিয়েছে ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপের আগে মুখ খুললেন পর্তুগালের কোচ

এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম বার বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনাল্ডোর প্রশংসায় পর্তুগালের কোচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২১:২২
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় ধরা হয় তাঁকে। বিশ্বফুটবলে একের পর এক রেকর্ড গড়লেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে পর্তুগালের তারকার। এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম বার বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনাল্ডোর প্রশংসায় পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ়।

বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে মার্তিনেজ় জানিয়েছেন, রোনাল্ডো পর্তুগালের হয়ে খেলা শুরু করার পর সে দেশের ফুটবল বদলে গিয়েছে। মার্তিনেজ় বলেন, “মনে রাখুন, পর্তুগাল টানা নবম বিশ্বকাপে খেলতে নামছে। রোনাল্ডো দেশের হয়ে খেলা শুরুর পর ছবিটা বদলে গিয়েছে। ও পর্তুগালকে অনেক সাফল্য দিয়েছে।”

মার্তিনেজ়ের মতে, ফুটবল খেলার ধরনটাই বদলে দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, “ও ফুটবল খেলার ধরন বদলে দিয়েছে। ওর ফিটনেস তরুণ ফুটবলারদের কাছে শিক্ষনীয়। ২২ বছর ধরে পর্তুগালের হয়ে খেলছে। ২২৭টা ম্যাচ খেলেছে। আর কেউ এটা করতে পারেনি। কত গোল করেছে বলুন তো। ওর থেকে বড় তারকা কে আছে?”

বয়স বাড়লেও রোনাল্ডো যে এখনও বাকিদের কাছে আতঙ্ক তা মনে করিয়ে দিয়েছেন মার্তিনেজ়। তাঁর মতে, এখনও একাই খেলার ছবি বদলে দিতে পারেন তিনি। পর্তুগালের কোচ বলেন, “রোনাল্ডো যে কোনও সময়ে খেলা বদলে দিতে পারে। যে কোনও জায়গা, যে কোনও পরিস্থিতি থেকে গোল করতে পারে। পাশাপাশি রক্ষণেও সাহায্য করে। ও থাকলে আমাদের শক্তি অনেকটা বেড়ে যায়।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পর্তুগালের আগের কোচ ফের্নান্দো স্যান্টসের সঙ্গে মনোমালিন্য হয়েছিল রোনাল্ডোর। তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন স্যান্টস। কিন্তু মার্তিনেজ় কোচ হওয়ার পর রোনাল্ডোকে রেখে দল সাজান। এই দলে রোনাল্ডোর যে কোনও বিকল্প হয় না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পর্তুগালের কোচ। মার্তিনেজ় বলেন, “এখনও ওর গোলের খিদে দেখলে মনে হয়, ১৮ বছরের কেউ খেলছে। ওর বিকল্প নেই। ও মাঠে থাকলে আমাদের কম ভাবতে হয়। গোল করার পথ ও ঠিক খুঁজে নেয়। এক জন ফুটবলারকে দিয়ে রোনাল্ডোর অভাব সামলানো কঠিন। আমরা ভাগ্যবান আমাদের দলে রোনাল্ডো রয়েছে।”

এ বারের বিশ্বকাপে ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন রোনাল্ডোরা।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Cristiano Ronaldo Roberto Martínez Portugal Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy