Advertisement
E-Paper

এআই সম্মেলনে যোগ দিয়েছেন গেট্‌স, বক্তৃতাও করবেন সেখানে! জল্পনা উড়িয়ে দাবি তাঁরই সংস্থার

সকালে একাধিক সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, এআই সম্মেলনে গেট্‌সকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে নয়াদিল্লি। বেলায় গেট্‌স ফাইন্ডেশনের তরফে জানানো হয়, সম্মেলনে যোগ দিচ্ছেন গেট্‌স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪
বিল গেট্‌স।

বিল গেট্‌স। —ফাইল চিত্র।

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্মেলন (এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬)-এ যোগ দিচ্ছেন মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেট্‌স। জল্পনা খারিজ করে মঙ্গলবার এমনটাই জানাল তাঁর সংস্থা ‘গেট্‌স ফাউন্ডেশন’। সংস্থাটির মুখপাত্র ‘হিন্দুস্তান টাইম্‌স’-কে বলেছেন, “বিল গেট্‌স ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিচ্ছেন। উনি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বক্তৃতাও করবেন।”

সকালে একাধিক সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, এআই সম্মেলনে গেট্‌সকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে নয়াদিল্লি। একটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, বুধবার দুপুরে সম্মেলনে গুরুত্বপূর্ণ আমন্ত্রিতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই গেট্‌সের।

এই খবরের সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভারতের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। সূত্র উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, এপস্টিন ফাইলে মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা গেট্‌সের নাম জড়ানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রের একটি সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়, যৌন অপরাধী জেফ্রি এপস্টিন এবং তাঁর ঘনিষ্ঠদের দ্বারা অত্যাচারিতদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই সিদ্ধান্ত। তবে এই সমস্ত খবর খারিজ করে দিল গেট্‌স ফাউন্ডেশন।

সোমবার ভারতে এসেছেন গেট্‌স। অধুনা ‘গেট্‌স ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা এই শিল্পপতি সোমবার অন্ধ্রপ্রদেশে যান। পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বৈঠক করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং সে রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশের সঙ্গে।

সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলের মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও। সেখানে গেট্‌স এবং এপস্টিনের মধ্যে বন্ধুত্বের ‘প্রমাণ’ মিলেছে বলে দাবি করা হয়েছে। নিজেই নিজেকে এই ইমেলগুলি করেছিলেন এপস্টিন। সেই রকমই একটি ইমেলে দাবি করা হয়েছে, রুশ মহিলাদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন গেট্‌স। তার পর নাকি তিনি গোপনে স্ত্রী মিলিন্দা গেট্‌সকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন! এপস্টিন ফাইলে তাঁর নাম প্রকাশিত হতেই সমাজমাধ্যমে মাইক্রোসফ্‌ট-এর প্রতিষ্ঠাতাকে নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও এই সমস্ত দাবি খারিজ করে দেন গেট্‌স।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় এবং সাক্ষাতের কথা স্বীকার করে নেন গেট্‌স। তবে মহিলাসঙ্গের কথা অস্বীকার করেন। এপস্টিন সম্পর্কে তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’’

Epstein Files AI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy