Advertisement
E-Paper

Hooch: মোদীর রাজ্যে বিষমদ খেয়ে ন’জনের মৃত্যুর অভিযোগ! ধৃত তিন, শুরু হল বিতর্ক

ইতিমধ্যেই জেলা উন্নয়ন আধিকারিক (ডিডিও) এবং তাঁর কর্মীদের, স্বাস্থ্য আধিকারিকদের একটি দল-সহ গ্রাম পরিদর্শন করতে বলেছে গুজরাত প্রশাসন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ২৩:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গত দু’দিনে বিষমদ খেয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অন্তত ৮। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বোটাদ জেলার বরভলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদে ধারাবাহিক ভাবে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টে পাকস্থলীতে বিষাক্ত মিথাইল অ্যালকোহলের উপস্থিতির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গুজরাত পুলিশের আইজি (ভাবনগর) অশোক কুমার যাদব সোমবার বলেন, ‘‘ঘটনার কারণ জানতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মৃতদের ভিসেরা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তা সামনে এলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

ইতিমধ্যেই জেলা উন্নয়ন আধিকারিক (ডিডিও) এবং তাঁর কর্মীদের, স্বাস্থ্য আধিকারিকদের একটি দল-সহ গ্রাম পরিদর্শন করতে বলেছে গুজরাত প্রশাসন। প্রাথমিক ভাবে পুলিশ কয়েক জনকে আটকও করেছে। প্রসঙ্গত, বহু বছর ধরেই গুজরাতে মদ্যপান এবং মদ বিক্রি নিষিদ্ধ। তার পরেও এই ধরনের ঘটনা সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, শাসক বিজেপির প্রশ্রয়ে ক্রমশ রাজ্যে চোলাই মদের রমরমা বাড়ছে। একই অভিযোগ, আম আদমি পার্টিরও।

Gujarat Hooch
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy