Advertisement
E-Paper

প্রথম রাউন্ডে হেরে ফরাসি ওপেনকে বিদায় ওয়ারিঙ্কার, অনায়াসে দ্বিতীয় রাউন্ডে শিয়নটেক, প্যারিসের গরমে সমস্যায় খেলোয়াড়েরা

ফরাসি ওপেনকে বিদায় জানালেন স্ট্যান ওয়ারিঙ্কা। সোমবার প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন জেসপার দে ইয়ংয়ের কাছে। অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছেন চার বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২৩:১৩
sports

বিদায় জানাচ্ছেন ওয়ারিঙ্কা। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনকে বিদায় জানালেন স্ট্যান ওয়ারিঙ্কা। সোমবার প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন জেসপার দে ইয়ংয়ের কাছে। অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছেন চার বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক। এ দিকে, প্যারিসের প্রবল গরমে চিন্তায় পড়েছেন খেলোয়াড় থেকে সমর্থকেরা।

৪১ বছরের ওয়ারিঙ্কা এ দিন জেসপারের কাছে হারেন ৩-৬, ৬-৩, ৩-৬, ৪-৬ গেমে। ২১ বছর আগে প্রথম বার ফরাসি ওপেনে নেমেছিলেন ওয়ারিঙ্কা। ২০১৫ সালে এই ট্রফি জিতেছিলেন। দু’বছর পর রানার্স হয়েছিলেন। বিদায়ের পর এ দিন আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জেসপার জেতার পর সমর্থকদের অনুরোধ করেন ওয়ারিঙ্কাকে অভিবাদন জানাতে। দর্শকেরাও উঠে দাঁড়িয়ে সুইৎজ়ারল্যান্ডের খেলোয়াড়কে সম্মান জানান। ওয়ারিঙ্কা বলেন, “খুব দুঃখ লাগছে সবাইকে বিদায় জানাতে। রোলঁ গারোজে খেলার জন্যই টেনিস খেলোয়াড় হতে চেয়েছিলাম।”

এ দিকে, শিয়নটেক ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন বিশ্বের ১৩৬ নম্বর এমার্সন জোন্সকে। প্রথম সেটের পর শিয়নটেকের আঙুলে ফোসকা পড়েছিল। তিনি আঙুলে টেপ দিয়ে নেমেছিলেন দ্বিতীয় সেটে। তবে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। চলতি মরসুমে সুরকির কোর্টে একটিও ট্রফি জেতেননি তিনি। তবে প্যারিসে পঞ্চম বার ট্রফি তুলতে তিনি মরিয়া।

ছেলেদের বিভাগে আগ্রহ তৈরি হয়েছে স্পেনের খেলোয়াড় রাফায়েল জোদারকে নিয়ে। তাঁকে রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ়ের যোগ্য উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। প্রথম রাউন্ডে তিনি ৬-১, ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন আলেকসান্দার কোভাসেভিচকে।

মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা ৬-২, ৬-২ হারিয়েছেন ভেরোনিকা এরজাভেচকে। ষষ্ঠ বাছাই আমান্ডা আনিসিমোভা ৬-৩, ৬-১ হারিয়েছেন তিয়ানতোয়া সারাকে। সপ্তম বাছাই এলিনা সোয়াইতোলিনা ৬-৩, ১-৬, ৭-৬ হারিয়েছেন আনা বন্দারকে।

এ দিকে, প্যারিসের তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। খেলোয়াড় তো বটেই, কষ্ট হচ্ছে সমর্থকদেরও। শিয়নটেককেই খেলতে হয়েছে প্রায় খালি দর্শকাসনের সামনে। পয়েন্টের মাঝে বিরতিতে সব খেলোয়াড়েই ঘাড়ে আইসপ্যাক দিয়ে বসে থাকছেন। দর্শকাসনে জলের চাহিদা অত্যধিক বেড়ে গিয়েছে।

French Open Roland-Garros Stanislas Wawrinka Iga Swiatek
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy