মহারাষ্ট্রে ‘মৃত্যুমিছিল’। রাজ্যে পিম্পরী-চিঞ্চওয়াড় জেলায় বিষমদ খেয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অনেকে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, পিম্পরী-চিঞ্চওয়াড় জেলার দাপোড়ী এবং ফুগেবাড়ী এলাকায় আট জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, পুণের কালে পড়ল এলাকায় তিন জন, ইদপসর এলাকায় দু’জন এবং হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। পর পর মৃত্যুর ঘটনায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে বিষমদের কারণেই মৃত্যু হয়েছে ১৫ জনের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যোগেশ ওয়াংখেড়ে নামে এক ব্যবসায়ী মদ সরবরাহ করেছিলেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। খুব দ্রুত তাঁদেরও গ্রেফতার করা হবে।
পুলিশ সূত্রে খবর, যোগেশ ওয়াংখেড়ে ওই মদ তৈরি করেছিলেন। সেই মদ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। দোপাড়ী, ফুগেবাড়ী, ইডপসর এবং কালে পড়ল এলাকার কিছু লোক সেই মদ পান করেছিলেন বলে সন্দেহ। ওই সব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। মুখ থেকে গ্যাঁজলা বার হতে শুরু করে। কারও বমি হচ্ছিল। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার আগেই মৃত্যু হয় ১৫ জনের।