ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত নতুন করে শুরু হতেই জরুরি বিবৃতি জারি করল ভারত সরকার। ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে যাঁরা ইরানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁদেরও তা বাতিল করতে বলেছে সরকার। পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রেখেছে নয়াদিল্লি।
রবিবার থেকে ইরান-ইজ়রায়েলের সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রবিবার ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ। এর পরেই ইজ়রায়েলের তরফে পাল্টা জবাব দেওয়া শুরু হয়। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা না-চালানোর জন্য ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন তিনি। তার পরেও সোমবার ইজ়রায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার সকালে একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘‘এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলির আবহে দূতাবাস আগের পরামর্শই বহাল রাখছে। সকল ভারতীয় নাগরিককে এখন ইরানে না-আসার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া, যে ভারতীয়েরা বর্তমানে ইরানে আছেন, যে কোনও ভাবেই হোক, এই দেশ ছাড়ুন।’’
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হয়ে উঠেছিল। তার পর থেকে একাধিক বিবৃতি জারি করে ভারতীয় দূতাবাস নানা পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে। ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনের জন্য সমঝোতার আলোচনা চলছে। ট্রাম্পের দাবি, তাঁরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। ইজ়রায়েলের আগ্রাসন এবং পশ্চিম এশিয়ার নতুন সংঘাত সেই আলোচনায় প্রভাব ফেলে কি না, চুক্তি ফের ভেস্তে যায় কি না, সেটাই দেখার।