Advertisement
E-Paper

ইরানে পাল্টা হামলা নয়! ফোনে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের, নির্দেশ অমান্য করেই আগ্রাসন? পশ্চিম এশিয়ায় উত্তাপ বাড়ছে

সোমবার সকালেই ইজ়রায়েলি বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। তবে তেহরানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৯:০০
(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইজ়রায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। প্রায় আধঘণ্টা কথা হয়েছে দু’জনের। সূত্রের খবর, ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইজ়রায়েলকে নিষেধ করেছেন ট্রাম্প। তবে সেই নির্দেশ কতটা মান্যতা পাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। সোমবার সকালেই ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাজধানী তেহরানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ়।

রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সকে ট্রাম্প জানিয়েছিলেন, ইজ়রায়েলে ইরানের হামলার কথা তিনি শুনেছেন। কিন্তু এখনই এর জবাবে ইজ়রায়েল থেকে পাল্টা হামলা যাতে না-হয়, সে বিষয়ে নেতানিয়াহুকে তিনি অনুরোধ করবেন। ইজ়রায়েলি এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনে প্রায় আধঘণ্টা কথা হয়েছে। ট্রাম্প তখন ছিলেন নিউ জার্সির গল্ফ ক্লাবে। এই ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস বা ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতর আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননে ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান রবিবার ইজ়রায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ছো়ড়া হয়েছে অন্তত ১০টি। ইজ়রায়েলি বাহিনীর দাবি, সেগুলি আকাশেই প্রতিহত করা হয়। তবে দেশের নানা প্রান্তে বেজে উঠেছিল সাইরেন। ইরানের পদক্ষেপের পর সংবাদমাধ্যমে ট্রাম্প বলেন, ‘‘ইজ়রায়েল হামলা করেছে। ইরানও হামলা করেছে। আমরা আর কোনও হামলা চাই না। ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। খুব ভাল একটা চুক্তি হতে চলেছে। আমি চাই না এখনকার পরিস্থিতির জন্য সেটা ভেস্তে যাক।’’

ইজ়রায়েলের সামরিক বাহিনীর তরফে দাবি করা হচ্ছিল, তারা ইরানে প্রত্যাঘাত করতে প্রস্তুত। কিন্তু সর্বোচ্চ স্তর থেকে কোনও নির্দেশ বা সবুজসঙ্কেত এখনও মেলেনি। তা পাওয়া গেলেই হামলা হবে। মনে করা হচ্ছিল, ট্রাম্পের নির্দেশ মতোই নেতানিয়াহু নিজের বাহিনীকে সংযত রেখেছেন। কিন্তু সোমবার সকালে ফের জানা গেল, ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল। ইজ়রায়েলের পাল্টা হামলার জন্যেও অবশ্য তৈরি ছিল তেহরান। তারা আগে থেকেই দেশের পশ্চিম ও মধ্যভাগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে রেখেছিল। ইজ়রায়েলের হামলায় সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। দুই দেশের এই সংঘাতকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ফের উত্তপ্ত হচ্ছে।

Benjamin Netanyahu Donald Trump Iran Israel Conflict US Israel vs Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy