E-Paper

অবাধ জলপথের সওয়াল ভারতের, আশ্বাস ইরানের

এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার একটাই দিশা দেখাচ্ছে ভারত। তা হল, উত্তেজনা তথা সেনা সমাবেশ কমিয়ে সংলাপ এবং কূটনীতির পথে ফিরে যাওয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৪৪

নয়াদিল্লি, ২ এপ্রিল: আমেরিকাকে বাইরে রেখে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে বন্ধ হয়ে থাকা হরমুজ় প্রণালী খোলা নিয়ে ৬০টিরও বেশি রাষ্ট্রের সঙ্গে ভিডিয়ো মাধ্যমে বৈঠকের আয়োজন করেছিল ব্রিটেন। এই তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশও। ভারতের প্রতিনিধি হিসেবে আজ বিকেলে সেই বৈঠকে যোগ দিলেন বিদেশসচিব বিক্রম মিস্রী।

বৈঠকের পরে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই বৈঠকে তাঁর দেওয়া বক্তৃতায় বিদেশসচিব জলপথে স্বাধীন ভাবে পরিবহণের নীতি এবং আন্তর্জাতিক জলপথগুলি দিয়ে বাধাহীন ভাবে বাণিজ্যপোত আসা-যাওয়ার গুরুত্বের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন। এ কথাও বিদেশসচিব মনে করিয়ে দিয়েছেন যে ভারতই একমাত্র দেশ, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যপোতে হামলা হওয়ায় যাদের নাবিকেরা নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার এই সঙ্কটে ভারতের শক্তি ক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি।’ বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে বিদেশসচিব বলেছেন, এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার একটাই দিশা দেখাচ্ছে ভারত। তা হল, উত্তেজনা তথা সেনা সমাবেশ কমিয়ে সংলাপ এবং কূটনীতির পথে ফিরে যাওয়া।

হরমুজ় প্রণালী ও জ্বালানি সঙ্কট নিয়ে এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলছেন, ভারত ইতিমধ্যেই ইরান-সহ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ভারতীয় জাহাজগুলি নিরাপদে প্রণালী পার হতে পারে। গত কয়েক দিনে ছ’টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ় প্রণালী অতিক্রম করতে পেরেছে বলে জানান তিনি। এই জাহাজগুলিতে এলপিজি, এলএনজি এবং অন্যান্য জরুরি পণ্য ছিল। পাশাপাশি, ইরান ভারতকে আশার বার্তা দিয়ে জানিয়েছে, ‘ভারতীয় বন্ধুদের’ চিন্তার কোনও কারণ নেই। ইরানের দূতাবাস এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেছে, ‘ভারতের বন্ধুরা নিরাপদ হাতেই রয়েছে। চিন্তার কারণ নেই।’

ব্রিটেনের শীর্ষ সূত্রের বক্তব্য, সমুদ্রে নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং আটকে থাকা জাহাজ ও নাবিকদের নিরাপদে বার করে আনতে দেশগুলো একসঙ্গে কাজ করবে। জানানো হয়েছে, সম্ভাব্য যাবতীয় কূটনৈতিক ও রাজনৈতিক পথ নিয়ে আজ আলোচনা হয়েছে। এর পরে সামরিক পরিকল্পনাকারীদের সঙ্গে বৈঠক করে কী ভাবে প্রণালীকে ফের নিরাপদ করা যায়, সে দিকেও নজর দেবে এই জোট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Merchant Ship

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy