E-Paper

বাসিতের ভারত-আক্রমণ মন্তব্য, গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি

আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে আমেরিকার মূল ভূখণ্ডের জন্য হুমকির কারণ হতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৬:৫৮

—প্রতীকী চিত্র।

আমেরিকা যদি পাকিস্তান আক্রমণ করে, তা হলে ভারত আক্রমণে তাঁরা বিন্দুমাত্র কালক্ষেপ করবে না বলে জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত প্রাক্তন পাক হাইকমিশনার আব্দুল বাসিত। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, পাকিস্তান আক্রান্ত হলে নয়াদিল্লি, মুম্বইয়ের মতো শহরগুলিও তাঁদের নিশানায় থাকবে। বাসিতের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই বলেই মনে করছে ভারত। তিনি পাকিস্তান সরকারের কোনও পদেই নেই। ভারত-বিরোধী ভাষ্য তৈরি করতে গিয়ে প্রলাপ বকছেন এমনটাই জানাচ্ছে বিদেশ মন্ত্রক।

আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে আমেরিকার মূল ভূখণ্ডের জন্য হুমকির কারণ হতে পারে। গাবার্ডের এই মন্তব্যে বেজায় চটেছেন বাসিত। টেলিভিশনের ওই অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, ভারতের অগ্নি-৫, অগ্নি-৬ আন্তঃমহার্দেশীয় ক্ষেপণাস্ত্র। গাবার্ড সেগুলি দেখেননি। পাকিস্তানের এই ধরনের ক্ষেপণাস্ত্র নেই। এর পরেই ওই কূটনীতিক বলেন, ‘‘কেউ যদি আমাদের দিকে কুনজর দেয়, তা হলে আমাদের এক মুহূর্তও না ভেবে মুম্বই ও নয়াদিল্লিতে আক্রমণ করা উচিত। পরে কী হবে, তা তখন দেখা যাবে। যদি আমাদের সামনে আর কোনও বিকল্প না থাকে এবং আমেরিকা আমাদের আক্রমণ করে… যদিও এটি প্রায় অসম্ভব… তা হলে পাকিস্তানের আর কোনও উপায় থাকবে না, তাকে ভারতকে আক্রমণ করতেই হবে।’’

পাকিস্তান আমেরিকার দ্বারা আক্রান্ত হলে ভারতকে আক্রমণ করা হবে কেন? বাসিতে যুক্তি, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পরে তা আরও উন্নত হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, ভারত আমেরিকার কৌশলগত অংশীদার। যেমন পাকিস্তান চিনের। তাই বাসিত বলেছেন, ‘‘আমেরিকার পাকিস্তান আক্রমণ করলে, আমাদের ক্ষমতা নেই আমেরিকার ভূখণ্ডে আঘাত হানার। তাই তার কৌশলগত অংশীদারকেই আঘাত করতে হবে। এ নিয়ে দু’বার ভাবা উচিত নয়।’’

প্রসঙ্গত, গাবার্ডের মন্তব্য নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়ালের ব্যাখ্যা ছিল, “পাকিস্তানের ইতিহাস সম্পর্কে সবাই ওয়াকিবহাল। পরমাণু অস্ত্র সম্প্রসারণের সুস্পষ্ট ইতিহাস রয়েছে তাদের।” দীর্ঘদিন ধরেই ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আসছে। তবে গাবার্ডের মতো একজন প্রভাবশালী আমেরিকার আধিকারিক একই সুরে কথা বলায় পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছে ভারত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

america Diplomacy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy