আগামী বুধবার (১ এপ্রিল) থেকে দেশ জুড়ে চিনা সংস্থার তৈরি চিনা সিসিটিভি ক্যামেরার কেনাবেচা নিষিদ্ধা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর ফলে হিকভিশন, দাহুয়া, টিপি-লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে পারে।
সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, চিনা সংস্থার তৈরি বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার দেশের সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং সাইবার সুরক্ষা বিশেষজ্ঞেরা আপত্তি তুলেছেন। সে কারণেই ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ। যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
অতীতে ভারতে চিনা টেলিকম সংস্থাগুলির তৈরি যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচরবৃত্তি ও তথ্যচুরির অভিযোগ উঠেছে। তার ই প্রেক্ষিতে এ বার কড়া পদক্ষেপ করল মোদী সরকার। সূত্রের খবর, এপ্রিল থেকেই দেশে চালু হতে চলেছে ‘স্ট্যান্ডার্ডাইজ়েশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন’ (এসটিকিউসি) নামে একটি নয়া বিধি। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে সিসি ক্যামেরা বা ‘ভিডিয়ো নজরদারি ব্যবস্থা’ বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম শুধু নির্দিষ্ট কয়েকটি সংস্থার জন্য নয়। ভারতে সিসিটিভি ও নজরদারি ডিভাইস বিক্রি করা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।