বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার দেখা করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। এ দিন সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। আগামিকাল, মঙ্গলবার দু’দিনের ভারতে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তার আগে তারেক-প্রণয় সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, আজকের ওই বৈঠকে গুরুত্ব পেয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি ক্ষেত্রে সঙ্কটের প্রসঙ্গ। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজ়েল আমদানি নিয়ে ভারতীয় দূতের সঙ্গে কথা বলেছেন তারেক। প্রধানমন্ত্রীর বিদেশ মন্ত্রক বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজ়েল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় বর্মা। তারেক বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপরেও গুরুত্ব দেন তিনি। সূত্রের খবর, জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত।
আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার নয়াদিল্লি নামার কথা খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সূত্রের খবর, ভারতে থাকাকালীন খলিলুরের বৈঠক করার কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। জয়শঙ্করের সঙ্গে একই বিমানে চেপে মরিশাসে যাবেন খলিলুর। আগামী ৯ তারিখ এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা সাত ঘণ্টা দীর্ঘ সফরেও দুই বিদেশমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার সুযোগ থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)