দিল্লিতে বিজেপির সদর দফতর চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করল পুলিশ। দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরের কাছে বাড়তি সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দীন দয়াল উপাধ্যায় মার্গে অন্য সরকারি প্রতিষ্ঠানগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পিটিআই জানাচ্ছে, নাশকতার আশঙ্কাতেই এই সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে।
সূত্র মারফত পিটিআই জানাচ্ছে, সন্ত্রাসবাদী হামলার বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী দিল্লি জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি অন্য নিরাপত্তা বাহিনীও রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে নজরদারি বৃদ্ধি করেছে। একটি সূত্র পিটিআই-কে জানায়, দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর এবং আশপাশের সরকারি প্রতিষ্ঠানগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ওই এলাকাগুলিতে বাড়তি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড এবং রাস্তায় যাতায়াত করা গাড়িগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন:
বিভিন্ন সূত্রে পিটিআই জানাচ্ছে, মধ্য দিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর এবং জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে— এমন সতর্কবার্তা এসেছে গোয়েন্দা সংস্থাগুলির কাছে। গাড়িতে ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিয়ে হামলা, গোলাগুলি এবং পরিকল্পিত হামলার আশঙ্কাও করছে নিরাপত্তা বাহিনীগুলি। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাজধানী দিল্লির বিভিন্ন সরকারি ভবন, রাজনৈতিক দফতর, বাজার এলাকা এবং অন্য জনবহুল এলাকায় নাশকতা-বিরোধী তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ওই সূত্রের দাবি, বম্ব স্কোয়াড, বিস্ফোরক শনাক্তের জন্য পারদর্শী ডগ স্কোয়াড এবং দিল্লির দমকল বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছুর হদিস মেলেনি।