পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম হল এক বালক। শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের একটি থানা এলাকার ঘটনা। গুরুতর জখম আট বছরের ওই বালককে গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিকেলে প্রায় একই রকম ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনাতেও। জাম পাড়তে গিয়ে বল ভেবে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে সাত থেকে ১০ বছর বয়সি তিন নাবালিকা। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর দিনাজপুরের একটি থানা এলাকায় এ দিন সকালে একটি শিশু অন্যদের সঙ্গে খেলছিল। তখনই একটি পরিত্যক্ত বাড়ির কাছে পড়ে থাকা গোলাকার বস্তু দেখে বল ভেবে খেলতে শুরু করে সে। আচমকা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বাসিন্দারা এসে রক্তাক্ত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তার চিকিৎসা চলছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। ওই পরিত্যক্ত বাড়ির ভিতর ও আশপাশ থেকে আরও সাতটি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি কোথা থেকে এল, কারা তা মজুত করেছিল, খতিয়ে দেখছে পুলিশ। ভোট-পরবর্তী অশান্তির জন্য সেগুলি মজুত করা হয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
তদন্ত শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঘটনাতেও। সেখানে আরও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)