তামিলনাড়ুতে পরবর্তী সরকার কারা গড়বে, সেই জট কেটেও যেন কাটছিল না। অবশেষে তামিলভূমের আঞ্চলিক দল ভিসিকে অভিনেতা তথা রাজনীতিক ‘থলপতি’ বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে)-কে সমর্থনের ঘোষণা করল। আর তাতেই সরকার গড়ার পথে আর বিজয়ের বাধা রইল না। পেয়ে গেলেন সরকার গড়ার মতো ‘ম্যাজিক ফিগার’।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। সরকার গড়ার জন্য ‘ম্যাজিক ফিগার’ পেতে বিজয়ের দরকার ছিল ১১ জন বিধায়কের সমর্থন। প্রথমেই তামিলনাড়ুর কংগ্রেস জানায় তারা টিভিকে-কে সমর্থন করবে। এ বারের ভোটে কংগ্রেস তামিলভূমে জিতেছে পাঁচ আসনে। কংগ্রেসের সমর্থন পেলেও ‘ম্যাজিক ফিগার’-এ পৌঁছোতে প্রয়োজন ছিল আরও ছয় বিধায়কের সমর্থনের।
শুক্রবার দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছিল। তাদের জেতা আসনের সংখ্যা চার। তার পরে আরও দুই বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল। শনিবার ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান জানান, তাঁরা সরকার গঠনের জন্য বিজয়ের দলকে শর্তহীন সমর্থন দেবেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, এই সমর্থন পাওয়ার পর আবার তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন বিজয়। গত চার দিনে অন্তত তিন বার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি। কিন্তু রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছিলেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি। অবশেষে ভিসিকের সমর্থন পাওয়ায় আসন-জট কাটল।
উল্লেখ্য, এ বারের নির্বাচনে ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে-বিজেপি জোট ৫৩টি জিতেছে। কিন্তু কংগ্রেস এবং বাম দলগুলি একে একে এমকে স্ট্যালিনের সঙ্গ ছেড়েছে।