Advertisement
E-Paper

পঞ্জাবের আপ মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি! শনিবার মন্ত্রীর বাসভবন-সহ বহু ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

গত এপ্রিলেও মন্ত্রী অরোরার বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, ওই সময় চণ্ডীগড় এবং দিল্লি-এনসিআরে মন্ত্রীর কয়েকটি ঠিকানায় তল্লাশি চলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৪:৩৪
আপ মন্ত্রী সঞ্জীব অরোরা। ফাইল চিত্র।

আপ মন্ত্রী সঞ্জীব অরোরা। ফাইল চিত্র।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হলেন পঞ্জাবের আম আদমি পার্টি (আপ)-র মন্ত্রী সঞ্জীব অরোরা। শনিবার সকালে ইডির দল মন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযানে যায়। সকাল সাড়ে ৭টা নাগাদ ইডির দলের ২০টি গাড়ির একটি কনভয় মন্ত্রীর বাসভবন এবং আরও চার জায়গায় তল্লাশি চালায়। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হল আপ মন্ত্রীকে।

মন্ত্রী এবং তাঁর কয়েক জন সহযোগীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় এই তল্লাশি অভিযান বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এক বছরের মধ্যে তিন বার ইডি হানা দেয় মন্ত্রীর বাসভবন-সহ বেশ কয়েকটি ঠিকানা। উল্লেখ্য, এক মাসের মধ্যে দু’বার তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। শনিবারও মন্ত্রীর বাসভবন-সহ চারটি ঠিকানায় তল্লাশি অভিযানে নেমেছে তদন্তকারী সংস্থাটি।

গত এপ্রিলেও মন্ত্রী অরোরার বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, ওই সময় চণ্ডীগড় এবং দিল্লি-এনসিআরে মন্ত্রীর কয়েকটি ঠিকানায় তল্লাশি চলে। শনিবার ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘‘কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বিজেপি। আজকেও সঞ্জীব অরোরার বাড়িতে বিজেপির ইডি অভিযানে নেমেছে। এক বছরের মধ্যে তৃতীয় বার অরোরার বাড়িতে ইডি এসেছে। কিন্তু তল্লাশি অভিযানে কোনও কিছুই পায়নি কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাটি।’’

মুখ্যমন্ত্রী মান ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘ইডি এবং বিজেপি মিলে চক্রান্ত করে এই ধরনের কাজকর্ম করছে।’’ ২০২৪ সালে লুধিয়ানার (পশ্চিম) বিধায়কের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, ইডির দলটি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে শনিবার তল্লাশি অভিযান চালিয়েছে।

Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy