আমেরিকায় গত পাঁচ দিন ধরে নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়া। কর্নাটক থেকে ক্যালিফর্নিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অদূরে তাঁর ব্যাগ পড়ে থাকতে দেখা গিয়েছে। তাতে ছিল সাকেতের পাসপোর্ট এবং ল্যাপটপ। এখনও ২২ বছর বয়সি এই যুবকের কোনও হদিস পায়নি মার্কিন পুলিশ।
মাদ্রাজ আইআইটির প্রাক্তনী সাকেত স্নাতকোত্তর ডিগ্রির জন্য আমেরিকা গিয়েছিলেন। ক্যালিফর্নিয়া বার্কেলে বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক ও বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তিনি।গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। রুমমেট এবং অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, শেষ বার সাকেতকে দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক কিলোমিটার দূরে।
আরও পড়ুন:
ক্যাম্পাসের কাছেই টিলডেন রিজিয়োনাল পার্কের সামনে থেকে সাকেতের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তাতে তাঁর পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল। শহর জুড়ে তন্ন তন্ন করে তাঁকে খোঁজা হচ্ছে। এমনকি, ক্যালিফর্নিয়ার আঞ্জা হ্রদ এবং নিকটবর্তী পার্বত্য এলাকাগুলিতেও চলছে তল্লাশি অভিযান।
সাকেতের খোঁজ না-পাওয়ায় কর্নাটকে উদ্বেগে তাঁর পরিবার। স্যান ফ্রান্সিস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছে। সমাজমাধ্যমে একটি পোস্টে বলা হয়েছে, স্যান ফ্রান্সিস্কোয় ভারতের রাষ্ট্রদূত সাকেত শ্রীনিবাসাইয়ার হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন, যারা তল্লাশি অভিযান চালাচ্ছে, তাদের কাছ থেকেও খবরাখবর নেওয়া হচ্ছে।’’
সাকেতের খোঁজে ক্যালিফর্নিয়ার পুলিশ যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে যুবকের শারীরিক বর্ণনা রয়েছে। বলা হয়েছে, সাকেতের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি এবং তাঁর ছোট ছোট কালো চুল রয়েছে। চোখের মণির রঙ বাদামি। সাকেত বিপদে পড়েছেন বলেও উল্লেখ করেছে স্থানীয় পুলিশ। তাঁর সম্পর্কে কেউ কোনও তথ্য পেলে পুলিশকে জানাতে বলা হয়েছে।