Advertisement
E-Paper

মোদী ইজ়রায়েলে থাকাকালীন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়নি নেতানিয়াহুর সরকার! বললেন ইজ়রায়েলি রাষ্ট্রদূত

গত বুধবার দু’দিনের সফরে ইজ়রায়েলে গিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। ঘটনাচক্রে, শনিবার সকাল থেকে ইরানে হামলা চালানো শুরু করে ইজ়রায়েলি সেনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:০০
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ়রায়েল থেকে ফেরার দু’দিন পরেই ইরানে হামলা চালায় ইজ়রায়েল। তবে মোদীর সফরের সময় ইজ়রায়েল সরকার ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয়নি বলে দাবি করলেন সে দেশের রাষ্ট্রদূত। ভারতে নিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত রিউভান আজ়ার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানান, মোদী ইজ়রায়েল ছাড়ার দু’দিন পর ইরান আক্রমণের সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

গত বুধবার দু’দিনের সফরে ইজ়রায়েলে গিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। ঘটনাচক্রে, শনিবার সকাল থেকে ইরানে হামলা চালানো শুরু করে ইজ়রায়েলি সেনা। কূটনৈতিক মহলের একাংশের দাবি, এই ঘটনাক্রম ভারতের জন্য অস্বস্তির। তাঁরা দাবি করেন, এর ফলে ভারতের ভারসাম্যের কূটনীতি ক্ষতিগ্রস্ত হবে। যদিও আজ়ার স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, মোদীর সফরের সময় ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে ইজ়রায়েল এবং ভারতের কোনও কথাও হয়নি।

ভারতে নিযুক্ত ইজ়রায়েলের রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী মোদী (ইজ়রায়েল থেকে) চলে যাওয়ার পর আমাদের কাছে একটা সামরিক সুযোগ এসেছিল। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের আঞ্চলিক নানা বিষয়ে কথাবর্তা হয়েছে ঠিকই। তবে যা আমরা নিজেরাই জানতাম না, তা নিয়ে আমাদের কথাও হয়নি।” আজ়ার এ-ও দাবি করেন যে, শনিবার ইজ়রায়েলি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিকিয়োরিট ক্যাবিনেট) ইরানে হামলা চালানোর বিষয়টি অনুমোদন করে।

আজ়ার তাঁর বক্তব্যে ‘সঠিক মুহূর্তের’ উপর জোর দিয়েছেন। তাঁর দাবি, ইরানের দিক থেকে নিরাপত্তাগত ঝুঁকির কথা মাথায় রেখে ইজ়রায়েল তাঁর গোয়েন্দা-তথ্য বৃদ্ধির ক্ষমতা ক্রমশ বাড়িয়েছে। একই ভাবে সামরিক দিক থেকেও আরও শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করেছে। ‘সঠিক মুহূর্ত’ বিবেচনা করেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। আজ়ারের বক্তব্যের প্রতিপাদ্য বিষয় এই যে, দীর্ঘ পরিকল্পনা থেকে নয়, সময় এবং সুযোগের সদ্ব্যবহার করে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছে ইজ়রায়েল সরকার।

israel Narendra Modi Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy