Advertisement
E-Paper

কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা হরদীপ পুরীর ইমেল ‘প্রকাশ্যে’! এপস্টিনের সঙ্গে কী নিয়ে কথা? প্রকাশিত ফাইলে মিলল ইঙ্গিত

আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ইমেল করেন পুরী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯
কেন্দ্রীয় হরদীপ সিংহ পুরীর ইমেল ঘিরে তোলপাড়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় হরদীপ সিংহ পুরীর ইমেল ঘিরে তোলপাড়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিংহ পুরীর ইমেলে কথা হয়েছিল। গত ৩০ জানুয়ারি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর প্রকাশিত নথিকে ঘিরে এমনই অভিযোগ উঠেছে। যে অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়। বৃহস্পতিবারও রাহুলের অভিযোগকে খণ্ডন করে পুরী দাবি করেছেন, তিনি এপস্টিনের সঙ্গে নিজে দেখা করতে চাননি। সেটা করিয়ে দেওয়া হয়েছিল।

আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ইমেল করেন পুরী। এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর এপস্টিনের একটি ইমেলের উত্তরে হফম্যান জিজ্ঞাসা করেছিলেন, হরদীপ কি কাজের লোক? ওই সালেরই ২৪ অক্টোবর পুরী আরও একটি ইমেল করেন। প্রকাশিত নথিতে দাবি করা হচ্ছে, পুরী সেখানে এপস্টিনকে জানান যে, তাঁর এক সহযোগীর ভিসার ব্যবস্থা করে দিতে সাহায্য করেছেন যাতে তিনি ভারতে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেন। ওই নথিতে আরও দাবি করা হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে পুরীর একটি একটি ইমেল ফরোয়ার্ড করেন এপস্টিন। সেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে লারসেনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বার করার কথা বলা হয়েছিল।

প্রসঙ্গত, বুধবার লোকসভায় পুরী-এপস্টিন যোগ নিয়ে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথার বিরোধিতা করেন পুরী। এর পরেই সাংবাদিক সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। এপস্টিনের সঙ্গে কয়েক বার সাক্ষাৎ হয়েছিল বলে স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে পুরী দাবি করেছেন, সেই সাক্ষাৎ ছিল একটি প্রতিনিধিদলের অংশ হিসাবে। তিনি আরও দাবি করেন, এপস্টিনের সঙ্গে তাঁর যে কয়েক বার সাক্ষাৎ হয়েছিল তা সম্পূর্ণ পেশাগত এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট-এর একটি প্রতিনিধিদলের অংশ হিসাবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আমি আইপিআই-এর অধীনে একটি কমিশনের অংশ হিসাবে এপস্টিনের সঙ্গে দেখা করেছি। আমার তৎকালীন বস তেরিয়ে রড লার্সেন এপস্টিনকে চিনতেন। আমি ৩-৪ বার তাঁর সঙ্গে দেখা করেছি।’’ মন্ত্রী আরও জানান, এই সংক্রান্ত সমস্ত তথ্য আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর প্রকাশিত নথিতেই রয়েছে।

Jeffrey Epstein
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy