দোকান থেকে ঠান্ডা পানীয়ের বোতল কিনেছিলেন এক তরুণ। কিন্তু বোতলের ভিতর কিছু একটা ভেসে থাকতে দেখে সন্দেহ হল তাঁর। সন্দেহ দানা বাঁধতে একটি বাটি জোগাড় করলেন তিনি। বোতলের ছিপি খুলে বাটির মধ্যে সমস্ত পানীয় ঢেলে ফেললেন তরুণ। তার পর বোঝা গেল, পানীয়ের ভিতর ভাসছিল টিকিটিকির মৃতদেহ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জেএনইউ স্টুডেন্টস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঠান্ডা পানীয়ের বোতলের ভিতর অদ্ভুতদর্শন একটি জিনিস ভাসছে। তরুণের অভিযোগ, সেটি একটি টিকটিকির দেহ। দোকান থেকে একটি সিল করা ঠান্ডা পানীয়ের বোতল কিনেছিলেন তিনি। তাঁর দাবি, সেই বোতলেই ভাসছিল মৃত টিকটিকি। যদিও এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নেটাগরিকদের একাংশের দাবি, বোতলটি সিল করা নয়। আগে থেকেই ছিপি খোলা ছিল। সিল করা বোতল খুললে যে ঝাঁজ বার হয়, এ ক্ষেত্রে তা দেখা যায়নি। সমাজমাধ্যমে বিতর্ক তৈরির জন্য ভুয়ো ভিডিয়ো ছড়ানো হয়েছে। আবার, নেটপাড়ার অধিকাংশ ভিডিয়োটি দেখে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছেন। যদিও পানীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।