Advertisement
E-Paper

অচেনা নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ, ‘নিমন্ত্রণপত্র’ খুলতেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব পাঁচ লক্ষ!

বিয়ের নিমন্ত্রণের মেসেজের সঙ্গে ছিল ফুলের তোড়া এবং হৃদয়ের ইমোজি। ‘নিমন্ত্রণপত্র’টি ছিল একটি এপিকে ফাইল। ফাইলটি ডাউনলোড করতেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৩:৩০

ছবি: সংগৃহীত।

কাকভোরে হোয়াট্‌সঅ্যাপে অচেনা নম্বর থেকে একটি মেসেজ পেলেন তরুণ ব্যবসায়ী। এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। অনুষ্ঠান প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানার জন্য সেই ‘নিমন্ত্রণপত্র’ ডাউনলোড করে ফেললেন ব্যবসায়ী। কিন্তু ফোনে সেই ফাইলটি সেভ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা খোয়া গেল। ব্যবসায়ীর অভিযোগ, তিনি প্রতারণার শিকার হয়েছেন। নিকটবর্তী থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বেঙ্গালুরুর এক ব্যবসায়ীর সঙ্গে ঘটেছে। ৪২ বছর বয়সি তরুণ ব্যবসায়ীর নাম নুর নাহিদ খান। তাঁর দাবি, দিন কয়েক আগে অচেনা নম্বর থেকে তাঁর হোয়াট্‌সঅ্যাপে বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র আসে। সেই মেসেজে লেখা ছিল, ‘‘আমাদের বিয়েতে আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানের সম্পূর্ণ বিবরণের জন্য অনুগ্রহ করে সংযুক্ত আমন্ত্রণপত্রটি ডাউনলোড করুন। আপনার উপস্থিতি ও আশীর্বাদ আমাদের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলবে। আপনার সঙ্গে এই সুন্দর মুহূর্তটি উদ্‌যাপন করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’’

মেসেজটির সঙ্গে দেওয়া ছিল ফুলের তোড়া এব‌ং হৃদয়ের ইমোজি। ‘নিমন্ত্রণপত্র’টি ছিল একটি এপিকে ফাইল। ‘এপিকে’ অর্থাৎ অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট হল এমন একটি ফাইল ফরম্যাট যা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে ব্যবহৃত হয়। এটি ক্ষতিকারক সফ্‌টঅয়্যার ইনস্টল করতেও ব্যবহার করা যেতে পারে। ব্যবসায়ীর অভিযোগ, ফাইলটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা উধাও হয়ে যায়। ভুয়ো নিমন্ত্রণপত্রের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন বেঙ্গালুরু পুলিশ।

Bizarre WhatsApp WhatsApp Scam Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy