কলকাতা থেকে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। পুলিশের অন্য একটি সূত্রের দাবি, প্রতারণা সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়নকে। ওই সূত্রের দাবি, ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ অনৈতিক ভাবে তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন উদয়ন।
গত ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে হেরে যাওয়ার পরে কোচবিহার ছেড়ে চলে গিয়েছিলেন উদয়ন। তার পর থেকে তিনি থাকছিলেন কলকাতাতেই। গত কয়েক দিনে প্রকাশ্যেও দেখা যায়নি তাঁকে। উদয়নের গ্রেফতারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “ওঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদের কর্মী রতন বর্মণের খুনের মামলা থেকে শুরু করে বীজ মামলা, আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে থেকে শুরু করে আরও অনেক মামলা রয়েছে উদয়নের বিরুদ্ধে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল। সেখানেও তাঁর নাম প্রথম সারিতে ছিল।” একই সঙ্গে তাঁর সংযোজন, “উদয়নকে অনেক আগেই গ্রেফতার করার প্রয়োজন ছিল। নির্বাচনের ফলপ্রকাশের পরেই ভয়ে তিনি দিনহাটা ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমি মনে করি আইনের আওতায় নিয়ে এসে এই সব তদন্তের সঠিক বিচার করা প্রয়োজন।”
২০১৫ সালের অক্টোবর মাসে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উদয়ন। তাঁর পিতা কমল গুহ রাজ্যের বাম সরকারের মন্ত্রী ছিলেন। ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এবং ২০১৬ সালে তৃণমূলের টিকিটে দিনহাটা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন উদয়ন। ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান তিনি। পরে নিশীথ বিধায়কপদ ছেড়ে দিলে উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন উদয়ন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসাবে যোগ দেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি।