থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ নিরাপত্তারক্ষী। তাঁর চুলের মুঠি ধরে নাগাড়ে চড়-থাপ্পড় মেরে চলেছেন এক মহিলা। রাগের মাথায় চটি খুলেও নিরাপত্তারক্ষীকে মারধর করতে শুরু করেন তিনি। থানার সামনে কয়েক জন পুলিশকর্মী দাঁড়িয়ে রইলেও মহিলাকে থামালেন না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি দিল্লির কীর্তিনগর থানার সামনে ঘটেছে। ওই মহিলার নাম জসমীত কৌর। থানার সামনে এক নিরাপত্তারক্ষীর চুলের মুঠি ধরে মারছিলেন জসমীত। কিছু ক্ষণ পর চিৎকার করতে করতে নিরাপত্তারক্ষীকে চটি খুলে মারতে শুরু করেন তিনি। এই অশান্তির সূত্রপাত একটি পূর্ববর্তী ঘটনা থেকে। অভিযোগ, সেই নিরাপত্তারক্ষী দিন কয়েক আগে লাঠি দিয়ে একটি পথকুকুরকে তাড়া করে মেরেছিলেন। সেই কুকুরটিকে গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা পথকুকুরটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পথকুকুরকে হত্যার অপরাধে নিরাপত্তারক্ষীকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন জসমীত। থানার সামনে নিরাপত্তারক্ষীকে মারধর করতে করতে ওই মহিলা বলেন, ‘‘পুলিশ কোনও দিনও কিছু করবে না।’’ অন্য দিকে, কয়েক জন পুলিশকর্মীকে থানার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন নেটপাড়ার অধিকাংশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ওই মহিলা। ঘটনাটির উভয় দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।