থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন বৃদ্ধ। তাঁকে সামনে চেয়ারে বসিয়ে সটান টেবিলে পা তুলে বসে রইলেন এক মহিলা কনস্টেবল। বয়স্ক ব্যক্তিকে অপেক্ষা করিয়ে রাখার অভিযোগ উঠেছে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের একটি থানায়। বয়স্ক ব্যক্তির মুখের সামনে দু’পা তুলে বসে রয়েছেন মহিলা কনস্টেবল, এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ছবিসংবলিত পোস্টটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ছবিতে দেখা গিয়েছে, থানায় এক বয়স্ক ব্যক্তি অভিযোগ দায়ের করার জন্য অপেক্ষা করছেন। তাঁর সামনে ডেস্কের উপর দুই পা তুলে বসে থাকতে দেখা গিয়েছে মহিলা কনস্টেবলকে। ঘটনাটি ঘটেছে দুঙ্গারপুর জেলার বিচ্ছিওয়ারা থানায়। যেখানে ওই বৃদ্ধ অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। সমাজমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, টেবিলে পা তুলে বসে বৃদ্ধকে অনেক ক্ষণ অপেক্ষা করান ওই মহিলা পুলিশকর্মী। এমনকি বৃদ্ধের অভিযোগ সম্পর্কেও তিনি উদাসীন ভাব দেখান বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি থানায় উপস্থিত ব্যক্তি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। সেই ছবিটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
পোস্টটি এক্স হ্যান্ডলে ‘প্রবীণদামোর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সমালোচনা ঝড় বয়ে গিয়েছে। মহিলা কনস্টেবলের আচরণকে অপেশাদার ও অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একটি পোস্টের জবাবে দুঙ্গারপুর পুলিশ জানিয়েছে যে, ওই কনস্টেবলকে অবিলম্বে নিলম্বিত করা হয়েছে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।