প্ল্যাটফর্ম বদলানোর ‘শর্টকাট’ নিতে গিয়ে মেট্রোর লাইনেই নেমে পড়লেন এক তরুণী! খাস কলকাতাতেই ঘটেছে সেই ঘটনা। ২৩ জুন অফিসটাইমের ব্যস্ত সময়ে সরাসরি মেট্রোর লাইনে নেমে প্ল্যাটফর্ম পেরনোর চেষ্টার ঘটনায় হুলস্থুল পড়ে যায় উত্তর–দক্ষিণ মেট্রোর বাঁশদ্রোণী সংলগ্ন মাস্টারদা সূর্য সেন স্টেশনে। একটি প্ল্যাটফর্মের শেষপ্রান্তের রেলিং টপকে আচমকা তরুণী লাইনে নেমে পড়েন। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সকাল ১০টা নাগাদ মেট্রো স্টেশনে অপেক্ষারত যাত্রীদের নজরে পড়ে এক অদ্ভুত দৃশ্য। এক তরুণী মাস্টারদা সূর্য সেন স্টেশনের দমদমমুখী আপ লাইনের প্ল্যাটফর্ম ছেড়ে শহিদ ক্ষুদিরামমুখী প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লাইনে নেমে পড়েছেন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাইন টপকে বিদ্যুৎবাহী থার্ড রেলের দিকে এগিয়ে চলেছেন তরুণী। বিপদ বুঝে আতঙ্কে চিৎকার করে ওঠেন বাকি যাত্রীরা। সেই সময় শহিদ ক্ষুদিরামমুখী একটি ট্রেনকেও এগিয়ে আসতে দেখা যায়। যাত্রীদের হইচই শুনে সেই ট্রেনের চালকও তড়িঘড়ি ট্রেনটিকে থামিয়ে দেন। কিছু ক্ষণের মধ্যে আপ লাইন দিয়ে দমদমমুখী একটি ট্রেনও এসে পড়ে। মহিলার কাণ্ড দেখে তিনিও ব্রেক কষতে বাধ্য হন। গণ্ডগোল শুনে ছুটে আসেন মেট্রোর কর্মী ও নিরাপত্তারক্ষীরা। দ্রুত কন্ট্রোলরুমে ফোন করে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। কারণ মেট্রোর থার্ড লাইনে অতি শক্তিশালী বিদ্যুৎ চলাচল করে, যার জেরে মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। এর পরে মেট্রোর আরপিএফ ও ট্র্যাফিক বিভাগের কর্মীরা ওই মহিলাকে স্টেশন সুপারের ঘরে নিয়ে যান। সেখানেই তিনি জানান, ভুল প্ল্যাটফর্মে চলে গিয়েছিলেন। উল্টো দিকের প্ল্যাটফর্মে মেট্রো আসতে দেখে লাইন পেরিয়ে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন।
ভিডিয়োটি ইনস্টাগ্রাম, এক্স ও ফেসবুকের মতো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক কমেন্টের ঝড় বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সময় বাঁচাতে প্রাণ বাজি রাখতে হল!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অবিলম্বে কড়া শাস্তি হওয়া প্রয়োজন।’’