Advertisement
E-Paper

যৌনতার ফাঁদ পেতে প্রাক্তন সেনাকর্মীর কাছ থেকে ১১ লক্ষ টাকা আদায়, গ্রেফতার কেরলের অভিনেত্রী

কেরলের অভিনেত্রী এবং তাঁর বন্ধু প্রাক্তন এক সেনাকর্মীকে যৌনতার ফাঁদে ফেলে ১১ লক্ষ টাকা আদায় করেন। কিন্তু পুলিশের জালে ফেঁসে যান দু’জন। তাঁদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:১৪
File image of Actress Nithya Sasi

কেরলের অভিনেত্রী নিত্যা শশী। — ফাইল ছবি।

৭৫ বছর বয়সি প্রাক্তন সেনাকর্মীকে যৌনতার জালে ফাঁসিয়ে ১১ লক্ষ টাকা আদায় করার অভিযোগে কেরলের এক অভিনেত্রী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মালয়ালি অভিনেত্রী নিত্যা শশী এবং তাঁর বন্ধু বিনুকে কোল্লামের পারাভুর থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগকারী ৭৫ বছর বয়সি প্রাক্তন সেনাকর্মী। তিনি বর্তমানে কেরল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বাড়ি তিরুঅনন্তপুরমের পাত্তোমে। পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে তিনি নিজের বাড়িটি ভাড়া দেবেন বলে বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে গত ২৪ মে সত্তরোর্ধ্বকে ফোন করেন অভিনেত্রী শশী। সেই থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। নিয়মিত প্রাক্তন সেনাকর্মীর বাড়িতেও যাতায়াত ছিল শশীর। তেমনই একবার শশী ওই ব্যক্তির বাড়িতে গেলে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পুলিশ জানিয়েছে, সবই ছিল শশীর পরিকল্পনা। সেই সময় শশীর বন্ধু বিনু লুকিয়ে দু’জনের ঘনিষ্ঠতার ছবি তুলে নেন।

এর পরেই শুরু আসল খেলা। বৃদ্ধকে ওই ছবি দেখিয়ে ২৫ লক্ষ টাকা দাবি করা হয়। বলা হয়, দাবি মতো টাকা না দিলে ছবি ছড়িয়ে পড়বে সমাজমাধ্যমে। লোকলজ্জার ভয়ে ১১ লক্ষ টাকা দিয়ে দেন বৃদ্ধ। কিন্তু তাতেও হুমকি থামেনি। বাকি টাকার জন্য নিয়মিত ফোন আসতে থাকে বৃদ্ধের কাছে। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। পারাভুর থানার পুলিশ তাঁকে পরামর্শ দেয়, শশী এবং বিনুকে বাড়িতে ডেকে পাঠাতে। বাকি টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে বৃদ্ধ দু’জনকে বাড়িতে ডেকে পাঠান। সেই মতো টাকার লোভে শশী তাঁর বন্ধুকে নিয়ে হাজির হন বৃদ্ধের বাড়িতে। সেখানেই হাতেনাতে ধরা পড়ে যান দু’জন।

অভিযুক্ত অভিনেত্রী এবং তাঁর বন্ধুকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

TV Actress arrest Honey Trap
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy