Advertisement
E-Paper

মণিপুরে কুকি গ্রামে হামলা! এক দম্পতি-সহ তিন জনকে হত্যা, পুড়ল ঘরবাড়ি, অভিযোগের আঙুল নাগাদের দিকে

স্থানীয় নির্দল বিধায়ক হাওখোলেট কিপজেন এই হামলার ঘটনার নিন্দা করেছেন। এই ধরনের হামলা আর যাতে না হয়, তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৫:৪৫
আবার উত্তপ্ত মনিপুরের কুকি অধ্যুষিত গ্রাম।

আবার উত্তপ্ত মনিপুরের কুকি অধ্যুষিত গ্রাম। ছবি: পিটিআই।

মণিপুরের কাংপোকপি জেলার কুকিদের গ্রামে আবার উত্তেজনা ছড়াল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি-সহ তিন জন। এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার সকালে অজ্ঞাপরিচয় কয়েক জন বন্দুকবাজ লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে হামলা চালায়। পরে তিন জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন লেটখনগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপ (৩৪)। পুলিশ জানিয়েছে, সাতটি বাড়িতে আগুন জ্বালানো হয়েছে। কুকিরা আঙুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা নিয়ে তদন্ত চলছে।

মণিপুরের কাংপোকপি জেলায় বসবাসকারীদের বেশির ভাগই কুকি জনজাতির। তবে এখানে বিভিন্ন নাগা উপজাতিরও বাস রয়েছে। গত জানুয়ারি থেকে ওই জেলায় বার বার উত্তেজনা ছড়িয়েছে। কুকি সম্প্রদায়ের সংগঠন কুকি ইনপি মণিপুর বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরস্ত্র মানুষের উপরে এই নির্যাতনকে ধিক্কার। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কোনও পরিস্থিতিতেই এই হামলা মানা যায় না। স্থানীয় নির্দল বিধায়ক হাওখোলেট কিপজেন এই হামলার ঘটনার নিন্দা করেছেন। এই ধরনের হামলা আর যাতে না হয়, তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও তুলেছেন।

সম্প্রতি নাগা এবং কুকিদের মধ্যে সংঘাত আরও বেড়েছে। তিন সপ্তাহ আগে ১৪ জন কুকিকে পণবন্দি করার অভিযোগ উঠেছে নাগা গোষ্ঠীর বিরুদ্ধে। সেই সময় থেকে নিখোঁজ ছ’জন নাগাও।

গত ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিন মণিপুরে কুকিদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ওই ঘটনার দায় স্বীকার করে নাগা বিদ্রোহী গোষ্ঠী জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট। যদিও ওই বিদ্রোহীদের দাবি, ওই বাড়িগুলি আফিম চাষের জন্য ব্যবহার করা হত। শুধুমাত্র সেই বাড়িগুলিই তারা পুড়িয়ে দিয়েছে।

Manipur Violence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy