Advertisement
E-Paper

‘কারেরা কি ওর বাবার?’ গাড়িচাপার ঘটনায় পুত্রকে নিয়ে পুলিশকর্তাকে হুমকি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল কারেরায় এসইউভি নিয়ে পাঁচ পথচারীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিধায়ক-পুত্র দীনেশের বিরুদ্ধে। তাঁরা পাঁচ জনই হাসপাতালে ভর্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:০৮
বিজেপি বিধায়কের পুত্র দীনেশ লোঢী। ছবি: সংগৃহীত।

বিজেপি বিধায়কের পুত্র দীনেশ লোঢী। ছবি: সংগৃহীত।

বিধায়ক-পুত্রের বিরুদ্ধে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। এ বার সেই ঘটনায় নিজের পুত্রের পাশে দাঁড়িয়ে পুলিশকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের পিছোরের বিজেপি বিধায়ক প্রীতম লোঢীর বিরুদ্ধে।

অভিযোগ, রাজ্যের শিবপুরী জেলার কারেরার মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) আয়ুষ জাখরকে হুমকি দিয়ে বলেন, ‘‘কারেরার এসডিওপি যে কথাটা বলেছে, সেটা আমার হজম হচ্ছে না। এত বড় সাহস যে, আমার ছেলেকে বলেছে, কারেরায় যেন আর দেখতে না পাওয়া যায় ওকে!’’ এর পরই হুঁশিয়ারির সুরে বিজেপি বিধায়ক বলেন, ‘‘এসডিওপি-কে আমি জিজ্ঞাসা করতে চাই, কারেরা কি ওর বাবার? সাধারণত, এই ধরনের কথা আমি বলি না। কিন্তু এটা স্পষ্ট করে দিতে চাই, আমার ছেলে কারেরাতেই থাকবে। নির্বাচনে লড়বে।’’ অভিযোগ, এর পরই বিধায়ক প্রীতম এসডিওপি-কে উদ্দেশ করে বলেন, ‘‘যদি তোমার বাবার ক্ষমতা থাকে, আমার ছেলেকে আটকে দেখাও।’’

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল কারেরায় এসইউভি নিয়ে পাঁচ পথচারীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিধায়ক-পুত্র দীনেশের বিরুদ্ধে। তাঁরা পাঁচ জনই হাসপাতালে ভর্তি। সেই সময় দীনেশ দাবি করেছিলেন, ‘‘নীলবাতি লাগানো গাড়ি, এমএলএ লেখা, হর্ন দেওয়ার পরেও কেন সরেনি ওরা?’’ ধাক্কা দেওয়ার যুক্তি হিসাবে বিধায়ক-পুত্র এই ধরনের কথায় রাজ্য রাজনীতিতে হুলস্থুল পড়ে যায়। বিরোধীরা বিধায়ক-পুত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। খোদ বিজেপি বিধায়ক পুত্রের এই কাণ্ডে বলেছিলেন, ‘‘পরিবারের আগে আমজনতার সুবিধা-অসুবিধা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আইন আইনের পথে চলবে।’’ কিন্তু সেই বিধায়কের কণ্ঠেই এ বার উল্টো সুর শোনা গেল। পুত্রের পাশে দাঁড়িয়ে পুলিশকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement

অভিযোগ, বিধায়ক আরও বলেন, ‘‘এসডিওপি-কে আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের অতীত সম্পর্কে আগে জানুন। এ ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে, চাপ দিয়ে, একপেশে তদন্ত করে যদি ভাবেন অনেক কিছু করে ফেলবেন, তা হলে আমরাও তার জবাব দিতে প্রস্তুত। নিজের এক্তিয়ারের মধ্যে থাকুন।’’

BJP MLA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy