মধ্যপ্রদেশের শিবপুরীতে পাঁচ পথচারীকে এসইউভি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল বিজেপির বিধায়ক-পুত্রের বিরুদ্ধে। শুধু ধাক্কা মারাই নয়, স্থানীয়েরা প্রতিবাদ করলে নিজেকে বিধায়ক-পুত্র হিসাবে পরিচয় দিয়ে হুমকিও দেন বলে অভিযোগ।
শিবপুরী জেলার পিছোরের বিজেপি বিধায়ক প্রীতম লোঢীর পুত্র দীনেশ লোঢীর বিরুদ্ধে পথচারীদের গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ গাড়ি নিয়ে এলাকায় টহল দিচ্ছিলেন দীনেশ। গাড়ির সামনে লেখা ছিল ‘এমএলএ’। নীলবাতি লাগানো। সাইরেন বাজিয়ে এসইউভি নিয়ে ঘুরছিলেন তিনি। অভিযোগ, ভিড় এলাকায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় মোটরবাইক আরোহী তিন জনকে ধাক্কা মারেন। তার পর পথচারী দুই মহিলাকেও ধাক্কা দেন।
স্থানীয়েরা বিধায়ক-পুত্রের গাড়ি ঘিরে ফেলেন। তখন তিনি গাড়ি থেকে নেমে স্থানীয়দের হুমকি দেন বলে অভিযোগ। এক জন ভিডিয়ো করছিলেন। তাঁকে হুমকি দেন দীনেশ। স্থানীয়েরা যখন বিক্ষোভ দেখাতে থাকেন, তখন নিজের পরিচয় দিয়ে, বাবার পরিচয় দিয়ে হুমকি দেন, ‘‘গাড়ির সাইরেন বাজছিল। হর্নও দেওয়া হয়েছিল। ওরা কেন সরেনি?’’ বিধায়ক-পুত্রের এই কাণ্ডে হুলস্থুল পড়ে যায়। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন সঞ্জয় পরিবার, আশিস পরিহার, অংশুল পরিহার, সীতা বর্মা এবং পূজা সোনি। তাঁদের মাথা, হাত-পায়ে চোট রয়েছে। স্থানীয়েরাই তাঁদের হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। বিধায়ক প্রীতম লোঢী জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। তাঁর কথায়, ‘‘একজন বিধায়কের কাছে আমজনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবার নয়। আক্রান্তদের ন্যায্য বিচার পাওয়া উচিত।’’