Advertisement
E-Paper

মোদীর সঙ্গে দু’দিন আগের কথোপকথন নিয়ে মুখ খুললেন ট্রাম্প! চারটি বাক্যে ফের প্রশংসা ‘বন্ধু’ প্রধানমন্ত্রীর

গত মঙ্গলবার ট্রাম্প মোদীকে ফোন করেছিলেন। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ় প্রণালী নিয়ে তাঁদের কথা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০০:১০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথন নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি মোদীকে ফোন করেছিলেন। মোদী নিজেই সমাজমাধ্যমে জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ় প্রণালী নিয়ে তাঁদের কথা হয়েছিল। এ বার সেই কথোপকথন নিয়ে মুখ খুললেন ট্রাম্পও। ভারতের প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে ঢালাও প্রশংসা করলেন।

বৃহস্পতিবার ট্রাম্পকে সংবাদসংস্থা এএনআই-এর তরফে মোদীর সঙ্গে কথোপকথন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ‘‘মোদীর সঙ্গে আমার খুব ভাল কথা হয়েছে। উনি আমার খুব ভাল একজন ভারতীয় বন্ধু। খুব ভাল কাজ করছেন। আমাদের কথাবার্তা খুব ভাল হয়েছে।’’ কী কথা হয়েছে, সে বিষয়ে অবশ্য ট্রাম্প কোনও মন্তব্য করেননি।

মোদী গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, ট্রাম্পের ফোন পেয়েছেন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের যে উন্নতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মোদী এবং ট্রাম্প। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন একে অপরকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথার পাশাপাশি হরমুজ় প্রণালী খুলে রাখা কতটা প্রয়োজনীয়, তা নিয়েও আলোচনা করেন। সূত্রের খবর, ৪০ মিনিট ধরে মোদী এবং ট্রাম্পের কথা হয়েছিল ফোনে। তা নিয়েই ট্রাম্প মুখ খুললেন।

Advertisement

গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকে ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্কের ওঠানামা হয়েছে বার বার। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আবার, ভারত ও পাকিস্তান সংঘর্ষ চলাকালীন দুই দেশের সংঘর্ষ থামানোর দাবি করেন ট্রাম্প। ভারত সেই দাবি স্বীকার করেনি। ট্রাম্পের সঙ্গে মতানৈক্যের সময় মোদী চিনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করেন। তবে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হয়েছে। ভারত এবং আমেরিকা বাণিজ্যির সমঝোতায় পৌঁছেছে। চড়া শুল্কও প্রত্যাহার করেছে ওয়াশিংটন। ফের মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন ট্রাম্প।

Narendra Modi Donald Trump India US Relation West Asia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy