Advertisement
E-Paper

শান্তির পথে অন্যতম ‘কাঁটা’ সরিয়ে দিলেন ট্রাম্প! লেবানন ও ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা, কী বার্তা

লেবানন ও ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তির পথে লেবানন-ইজ়রায়েলের সংঘর্ষ অন্যতম ‘কাঁটা’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২১:৩৩
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

লেবানন ও ইজ়রায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তির পথে লেবানন-ইজ়রায়েলের সংঘর্ষ অন্যতম ‘কাঁটা’। ট্রাম্প তা সরাতে উদ্যোগী হয়েছেন। প্রাথমিক ভাবে ১০ দিনের এই সংঘর্ষবিরতিকে তার প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করার পর পরই লেবাননের সঙ্গে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। তারা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইজ়রায়েলি আগ্রাসন এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিবাদে হামলা শুরু করে। নেতানিয়াহুও লেবাননের এই গোষ্ঠীর বিরুদ্ধে পর পর হামলার নির্দেশ দিয়ে গিয়েছেন। অবশেষে সেই সংঘাতে বিরতি ঘোষণা করলেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওউন এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর কথা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই ১০ দিনের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছেন।

সংঘর্ষবিরতি শুরুর সময়ও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর পোস্ট অনুযায়ী ভারতীয় সময় রাত আড়াইটে থেকে সংঘর্ষবিরতি পালন শুরু করবে ইজ়রায়েল এবং লেবানন। ট্রাম্প লিখেছেন, ‘‘মঙ্গলবার এই দুই দেশের সাক্ষাৎ হয় ওয়াশিংটনে, যা গত ৩৪ বছরে প্রথম। আমাদের বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গেও তাঁরা দেখা করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং রুবিয়োকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইজ়রায়েল ও লেবাননের সঙ্গে মিলেমিশে কাজ করতে বলেছি।’’

Advertisement

লেবানন-ইজ়রায়েল সংঘর্ষবিরতি ঘোষণা করে ফের ন’টি যুদ্ধ থামানোর দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘সারা বিশ্বে ন’টি যুদ্ধ আমি থামিয়েছি। এটা (ইজ়রায়েল এবং লেবানন) দশম হতে চলেছে।’’ গত বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তান যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তা-ও তিনি থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। পাকিস্তান সেই দাবি মেনে নিয়েছে। তবে ভারত সরকার প্রথম থেকেই জানিয়েছে, দুই দেশে সামরিক স্তরে আলোচনার ভিত্তিতে সংঘর্ষবিরতি হয়েছে। তৃতীয় কোনও পক্ষের অবদান ভারত স্বীকার করেনি। তবে ঘটনাচক্রে, ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিও ট্রাম্পই প্রথম ঘোষণা করেছিলেন।

কিছু দিন আগে ট্রাম্প ইরানের সঙ্গে দু’সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষণা করেছিলেন। তার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ সমঝোতার আলোচনায় বসে। ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরেও সমাধানসূত্র মেলেনি। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের দাবিদাওয়া সম্পর্কে একমত হতে পারেননি। আমেরিকা এবং ইজ়রায়েল দ্বিতীয় দফার আলোচনায় বসবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। তার মধ্যেই পশ্চিম এশিয়ার দ্বিতীয় সংঘাতটি সাময়িক ভাবে থামালেন ট্রাম্প।

Lebanon Donald Trump Israel Lebanon War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy