Advertisement
E-Paper

প্রেমিকাকে নির্যাতন! বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ সরকার

শিবরাজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাড়ি ভাঙার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘‘মধ্যপ্রদেশের মহিলাদের উপর কোনওরকম অত্যাচার সহ্য করবে না এ রাজ্যের প্রশাসন।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ২১:০৩
চলছে  বুলডোজারে বাড়ি ভাঙা। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করছে পুলিশ কর্মীরাও।

চলছে বুলডোজারে বাড়ি ভাঙা। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করছে পুলিশ কর্মীরাও। ছবি: ভিডিয়ো থেকে।

মধ্যপ্রদেশের কন্যাকে নির্যাতনের শাস্তি দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বুলডোজার এনে গুঁড়িয়ে দিলেন পঙ্কজ ত্রিপাঠী নামে এক নির্যাতনকারীর বাড়ি।

পঙ্কজ তাঁর প্রেমিকাকে প্রকাশ্যে মারধর করছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় প্রেমিকার মুখে নির্বিচারে লাথি মারতেও দেখা যায় তাঁকে। পেশায় বাস চালক পঙ্কজের সেই ভিডিয়ো নজরে পড়তেই দ্রুত পদক্ষেপ করে মধ্যপ্রদেশের প্রশাসন। পঙ্কজকে প্রথমে গ্রেফতার করা হয়। তার পর তাকে আরও কড়া শাস্তি দিতে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর বাড়িটি। এ ছাড়া পঙ্কজের বাস চালানোর লাইসেন্সটিও বাতিল করে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন।

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। রেওয়ার দেহরা গ্রামের বাসিন্দা ২৪ বছরের পঙ্কজকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তাঁর ১৯ বছরের প্রেমিকা। ভাইরাল ভিডিয়োতে তার জবাবে প্রেমিকাকে যথেচ্ছ মারধর করতে দেখা যায় পঙ্কজকে। রবিবার সকালে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে। এর পরই বিকেল পৌনে ৫টা নাগাদ একটি ভিডিয়ো প্রকাশ করে মধ্যপ্রদেশ প্রশাসন। মুখ্যমন্ত্রী শিবরাজের দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে।

ভিডিয়োর বিবরণে লেখা, ‘‘রেওয়া জেলার মউগঞ্জ এলাকায় এক যুবতীর সঙ্গে হওয়া বর্বরতার ঘটনায় অপরাধী পঙ্কজ ত্রিপাঠীকে গ্রেফতার করে তাঁর বাড়িতে বুলডোজার চালানো হয়। তাঁর ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে।’’ শেষে জুড়ে দেওয়া হয়েছে আর একটি লাইন, ‘‘মধ্যপ্রদেশের মাটিতে মহিলাদের উপর অত্যাচারকারীদের কোনও রকম ক্ষমাপ্রদর্শন করা হবে না।’’

উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও ইদানীং জনপ্রিয় হয়েছে বুলডোজার শাসন। এর আগেও বেশ কিছু অপরাধীকে ‘শাস্তি’ দিতে তাঁদের বাড়িতে বুলডোজার চালাতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশ সরকারকে। রবিবারের ঘটনাটিতে অবশ্য মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, পঙ্কজের বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল।

Bulldozer Shivraj Singh Chauhan Shivraj Singh Chouhan Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy