Advertisement
E-Paper

জঙ্গিদলে টানতে মগজধোলাই, বাছা হচ্ছে ফুটবলপ্রেমী তরুণদের? মহারাষ্ট্রের দুই জেলার ২১ ঠিকানায় তল্লাশি সন্ত্রাসদমন শাখার

সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে দুই জেলার ২১টি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। সপ্তাহের শুরুতে বেশ কয়েক জন সন্দেহভাজনকে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করে এটিএস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৭
সন্ত্রাসদমন শাখার তল্লাশি। ছবি: সংগৃহীত।

সন্ত্রাসদমন শাখার তল্লাশি। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রে দুই জেলায় জঙ্গি কার্যকলাপ চলছে বলে গোপন সূত্রে খবর পায় রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তার পরই যবৎমল এবং অহল্যানগর জেলার বিভিন্ন ঠিকানায় বড়সড় অভিযানে নামে এটিএস। সূত্রের খবর, ওই দুই জেলায় বেশ কয়েকটি স্থানীয় ফুটবল ক্লাবকে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করছে জঙ্গিরা। বেছে বেছে তরুণ ফুটবলপ্রেমীদের জঙ্গিদলে টানার জন্য মগজধোলাই করার কাজ চলছে বলে জানতে পেরেছে এটিএস। তার পরই দুই জেলায় তল্লাশি অভিযানে নামে তদন্তকারী সংস্থাটি।

সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে দুই জেলার ২১টি ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। সপ্তাহের শুরুতে বেশ কয়েক জন সন্দেহভাজনকে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করে এটিএস। তল্লাশি অভিযানের সময় প্রচুর অস্ত্রশস্ত্র, তরোয়াল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, যাঁরা খেলাধুলায় আগ্রহী, ফুটবল খেলতে ভালবাসেন, এমন তরুণ-তরুণীদের চিহ্নিত করে মগজধোলাইয়ের চেষ্টা করা হচ্ছে। পুলার এলাকায় এই সক্রিয়তা ধরা পড়েছে বলে দাবি।

তদন্তকারীদের সন্দেহ, বেশ কিছু স্থানীয় ফুটবল ক্লাবকেও নিশানা বানানো হয়েছে। সেই ক্লাবগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, বেশ কিছু তরুণকে মহারাষ্ট্রের বাইরে পাঠানো হয়েছে। তাঁদের মগজধোলাই করা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। ওই তরুণদের কোথায় পাঠানো হয়েছে, তা ভাবাচ্ছে তদন্তকারী সংস্থাকে। সূত্রের খবর, তল্লাশি অভিযানে যে সব জিনিস বাজেয়াপ্ত হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, ইলেকট্রনিক গ্যাজেটসও পরীক্ষা করে দেখা হচ্ছে। কী ভাবে তরুণদের ফাঁদে ফেলার কাজ চলছে, তা-ও তদন্ত করা হচ্ছে।

Terrorists
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy