Advertisement
E-Paper

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

ঘটনাটি বিহারের। একটি শিব মন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করেন স্ত্রী। বিয়ের মুহূর্তে কাঁদতে দেখা গিয়েছে ওই মহিলাকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১১:০০
photo of wedding

বিয়ের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল স্ত্রীর। এ কথা জানতে পারার পরও চটেননি মহিলার স্বামী। বরং স্ত্রী এবং তাঁর প্রেমিকের পুনর্মিলন করালেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়েও দিলেন ওই যুবক। ঘটনাটি বিহারের নওয়াদা জেলার। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

বিহারের এই ঘটনার কথা মনে করিয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত বলিউডের সুপারহিট ছবি ‘হম দিল দে চুকে সনম’-এর কথা। ছবির সঙ্গে বিহারের ঘটনার একটাই মিল। তা হল স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের পুনর্মিলন ঘটানো। বাকি অংশের কোনও মিল নেই। কেননা ছবিতে নন্দিনীকে (ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত চরিত্র) তার প্রেমিক সমীরের (সলমন খান অভিনীত চরিত্র) সঙ্গে দেখা করায় নন্দিনীর স্বামী বনরাজ (অজয় দেবগণ অভিনীত চরিত্র)। তাদের দেখাও হয়। কিন্তু শেষে সমীরকে বিয়ে করেনি নন্দিনী। স্বামী বনরাজের কাছেই ফিরে গিয়েছিল নন্দিনী।

বিহারের ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি শিব মন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী। তাঁর সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গিয়েছে ওই মহিলাকে।

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তাঁর স্বামী। সে দিন ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁদের পরিবারের সদস্যরা। তার পর মহিলার প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে দু’জনকে আটকে রাখা হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাঁদের। পরে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা জানতে পারেন মহিলার স্বামী। তার পরই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই মহিলার প্রেমিকও বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে।

Bihar Love Story love
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy