Advertisement
E-Paper

মণীশ সিসৌদিয়ার পাঁচ দিনের সিবিআই হেফাজত, জেরায় উত্তর এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ

সোমবার দিল্লির আদালতে সিবিআই দাবি করেছে, তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন মণীশ সিসৌদিয়া। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৩
image of Manish Sisodia

সোমবার আদালতের পথে আবগারি দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। ছবি: পিটিআই।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার পাঁচ দিনের সিবিআই হেফাজত। দিল্লির আদালত জানিয়েছে, ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন তিনি। ৮ ঘণ্টা জেরার পর আবগারি দুর্নীতিকাণ্ডে রবিবার গ্রেফতার করা হয়েছিল সিসৌদিয়াকে। সোমবার তাঁকে দিল্লির রাউস এভিনিউ আদালতে হাজির করানো হয়েছিল।

সোমবার আদালতে সিবিআই দাবি করেছে, তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সিসৌদিয়া। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সিবিআইয়ের দাবি, পানীয় বিক্রয়কারী সংস্থাগুলির স্বার্থেই আবগারি নীতির খসড়ায় বদল আনা হয়েছিল। তার বিনিময়ে ১০০ কোটি টাকা নেওয়া হয়েছিল।

সিবিআই আরও দাবি করেছে, সিসৌদিয়ার কম্পিউটার থেকে আবগারি নীতির খসড়ার একটি নোট মিলেছে। তদন্তকারীদের অভিযোগ, আবগারি কমিশনারকে ওই নোট দিয়েছিলেন সিসৌদিয়া। যদিও তার সঙ্গে আইনি উপদেষ্টাদের যে পরামর্শ ছিল, সেই অংশ বাদ দিয়েছিলেন।

সিসৌদিয়ার আইনজীবী সিবিআইয়ের এ সব অভিযোগ মানেনি। তিনি বলেন, ‘‘আমার মক্কেল ওদের অভিযোগ মেনে নেননি। এটাই ওদের সমস্যা। ওরা চেয়েছিল, ওরা যা চাইবে, আমি তাই বলব। কেউ অপরাধ মানেননি বলে তাঁকে হেফাজত পাঠানো যায় না।’’

দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়ার গ্রেফতারির প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টি (আপ)। উত্তাল দিল্লিও। সেখানে ডিডিইউ মার্গে বিজেপির সদর দফতরে মিছিল করে যাওয়ার চেষ্টা করে আপ। পুলিশ বাধা দিয়ে ব্যারিকেড দেয়। সেই ব্যারিকেড আপ কর্মীরা টপকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সে কারণে রাজধানীর বিভিন্ন অংশে কড়া নিরাপত্তা জারি রয়েছে। দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভোপাল-সহ বিভিন্ন বড় শহরে জারি কড়া নিরাপত্তা। কলকাতা বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখিয়েছে আপ।

সিসৌদিয়ার আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি এখনও জেলে। ওজনদার নেতা-মন্ত্রীদের গ্রেফতারি নিয়ে সরব আপ। তারা এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে। আপের দাবি, রবিবার থেকে তাঁদের ৮০ শতাংশ নেতা দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কাউকে আটক করে ২৪ ঘণ্টার বেশি রাখা যায় না। আপের প্রশ্ন, তা হলে তাঁদের নেতাদের ছাড়া হচ্ছে না কেন?

আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল অভিযোগ করেছেন, অনেক সিবিআই কর্মী সিসৌদিয়াকে গ্রেফতারির বিরুদ্ধে ছিলেন। ‘রাজনৈতিক চাপ’-এর কারণে প্রমাণ না থাকা সত্ত্বেও সিসৌদিয়াকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে সিবিআই।

Manish Sisodia CBI custody CBI Delhi Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy