মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর বিরুদ্ধে মামলাকারী হিসেবে গত সপ্তাহে নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। তা নিয়ে সোমবার অখিল ভারত হিন্দু মহাসভার আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই দিনে সুপ্রিম কোর্টে হাজির হলেন পশ্চিমবঙ্গে এসআইআর-এর বিরুদ্ধে প্রথম মামলাকারী মোস্তারি বানু। মুর্শিদাবাদের ভগবানগোলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। তিনি অবশ্য নিজে সওয়াল করেননি। তবে শুনানির শেষে দিল্লিতে অভিযোগ তুলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে এসআইআর-এর ফলে এত হেনস্থা হচ্ছে, তা বলে বোঝানো যাবে না। যাঁদের ২০০২-এ ভোটার তালিকায় নাম রয়েছে, তাঁদেরও হয়রানির শিকারহতে হচ্ছে।’’
মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসে সওয়াল করেছিলেন। কেন তিনি মুখ্যমন্ত্রী হয়েও সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, তা নিয়ে আপত্তি তুলে অখিল ভারতীয় হিন্দু মহাসভা মামলা করেছিল। আজ হিন্দু মহাসভার আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ তোলেন, কোনও মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, এমন আগে শোনা যায়নি। প্রধান বিচারপতি সূর্য কান্ত তা খারিজ করে দিয়ে বলেন, ‘‘শোনা যায়নি তো কী হয়েছে? এর ফলে সংবিধান ও তার প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস ও আস্থাই প্রকাশিত হয়েছে। এ নিয়ে রাজনীতি করবেন না।’’
আজ মোস্তারি বানু ও তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মামলা দায়ের করা ও সুপ্রিম কোর্টে এসে সওয়াল করাকে স্বাগত জানিয়েছেন। তবে প্রশ্ন তুলেছেন, কেন মুখ্যমন্ত্রী আরও আগে সক্রিয় হলেন না? মোস্তারি বানু সিপিএম ও আইনজীবীদের সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টে গত নভেম্বর মাসে প্রথম এসআইআর-এর সমস্যা নিয়ে মামলা করেছিলেন। আজ শুনানির শেষে দিল্লিতে সিপিএমের সদর দফতরে সাংবাদিক বৈঠকে মোস্তারি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আরও আগে ভাবতে পারতেন।’’ তাঁর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, এসআইআর এনআরসি-র সমান্তরাল প্রক্রিয়া হতে পারে না। নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য এসআইআর করা যেতে পারে না। ফর্ম-৭-এর মাধ্যমে অন্য ভোটারদের ভারতীয় নাগরিক নয় বলে আপত্তি তোলা হচ্ছে। ৫/১ পশ্চিমবঙ্গ এই ঠিকানা দিয়েই ঝুড়ি ঝুড়ি অন্য ভোটারের নামে আপত্তি জমা পড়ছে। সিপিএমের পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু বলেন, ‘‘গোটা এসআইআর প্রক্রিয়া সমাজের প্রান্তিক, গরিব মানুষ, সংখ্যালঘু, দলিত, জনজাতি, খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, পক্ষপাতদুষ্ট।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)