Advertisement
E-Paper

প্রাক্তন সেনাপ্রধানের বই অনলাইন বা মুদ্রিত কোনও কপিই প্রকাশ করা হয়নি! দাবি প্রকাশনার, ভিন্নমত রাহুল গান্ধীর

অপ্রকাশিত বই কী ভাবে ছড়িয়ে পড়ছে, তা খতিয়ে দেখতে এফআইআর রুজু করেছে পুলিশ। প্রাক্তন সেনাপ্রধান নরবণের অপ্রকাশিত এই স্মৃতিকথন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ বার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রকাশনা সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯
প্রাক্তন সেনাপ্রধান এম এম নরবণ। তাঁর একটি অপ্রকাশিত বই ঘিরে বিতর্ক দানা বেধেছে।

প্রাক্তন সেনাপ্রধান এম এম নরবণ। তাঁর একটি অপ্রকাশিত বই ঘিরে বিতর্ক দানা বেধেছে। — ফাইল চিত্র।

প্রাক্তন সেনাপ্রধান মনোজ নরবণের অপ্রকাশিত বই ঘিরে বিতর্কের মাঝে এ বার মুখ খুলল প্রকাশক সংস্থাও। তারা জানিয়েছে, প্রাক্তন সেনাপ্রধানের ওই স্মৃতিকথন ‘ফোর স্টার্‌স অফ ডেস্টিনি’-র প্রকাশনার একমাত্র স্বত্ব রয়েছে তাদের হাতেই। এবং, তাদের তরফে এই বইটি প্রকাশই করা হয়নি। না ছাপানো আকারে, না ডিজিটাল আকারে।

যদিও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, প্রাক্তন সেনাপ্রধান ২০২৩ সালের ডিসেম্বরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন, “আমার বইটি এখন পাওয়া যাচ্ছে (অ্যাভেলেব্‌ল নাও)।”

প্রাক্তন সেনাপ্রধানের ওই বই বিতর্কে সোমবারই এফআইআর রুজু করেছে পুলিশ। ঘটনাচক্রে, পুলিশের ওই এফআইআর-এর কথা প্রকাশ্যে আসার কিছু ক্ষণের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রকাশক সংস্থা। সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে তারা আরও জানায়, বইটির অনলাইন বা মুদ্রিত কোনও কপিই প্রকাশ বা বিক্রি বা বিলি করা হয়নি। সাধারণ পাঠকের জন্য এই বইটি এখনও বাজারে আসেনি বলে জানিয়ে দিয়েছে তারা। সেই পোস্ট নিজের সমাজমাধ্যম পাতায় ভাগ করে প্রাক্তন সেনাপ্রধান লিখেছেন, ‘‘বইটির এখন অবস্থা এরকমই’’।

বিবৃতিতে প্রকাশক সংস্থা আরও জানিয়েছে, বর্তমানে বইটির কোনও কপি মুদ্রিত, ডিজিটাল, পিডিএফ বা অন্য কোনও উপায়ে আংশিক বা সম্পূর্ণ ছড়িয়ে পড়লে, তা সংস্থার গ্রন্থস্বত্ব (কপিরাইট) লঙ্ঘনের শামিল বলে ধরা হবে। বইটিকে এ ভাবে বেআইনি এবং অনুমোদনহীন ভাবে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে প্রকাশক সংস্থা।

কিন্তু পরে প্রাক্তন সেনাপ্রধানের ওই পুরনো পোস্টের কথা উল্লেখ করে সংসদ চত্বরে রাহুল বলেন, “নরবণে এই টুইটটি করেছিলেন। আমি বলতে চাইছি, হয় নরবণে মিথ্যা দাবি করেছেন, অথবা পেঙ্গুইন মিথ্যা দাবি করছে। আমি বিশ্বাস করি (প্রাক্তন) সেনাপ্রধান মিথ্যা কথা বলবেন না। তবে দু’জনেই সত্যি বলছেন এটা হতে পারে।”

প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বই প্রসঙ্গ রাহুল আরও বলেন, “তিনি ২০২৩ সালে এই টুইটটি করেছিলেন। আপনি কি পেঙ্গুইনকে নরবণের চেয়ে বেশি বিশ্বাস করবেন? আমি নরবণেকে বিশ্বাস করছি।”

প্রাক্তন সেনাপ্রধান নরবণের এই অপ্রকাশিত বই ঘিরে বিতর্কের সূত্রপাত হয় সংসদের বাজেট অধিবেশনে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল একটি ম্যাগাজ়িনে ওই অপ্রকাশিত বই সম্পর্কে লেখা একটি নিবন্ধ নিয়ে বক্তৃতা করতে যান। কিন্তু তাকে সেই সময় থামিয়ে দেওয়া হয়। সেই থেকেই বিতর্ক দানা বাঁধে বইটি নিয়ে।

এরই মধ্যে সোমবার দিল্লি পুলিশ বিবৃতি দিয়ে জানায়, উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’র প্রচার করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই একই শিরোনামের বইয়ের একটি পিডিএফ কপি কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কিছু অনলাইন কেনাকাটার সাইটে প্রচ্ছদ-সহ বইটিকে এমন ভাবে দেখানো হচ্ছে, যা দেখে অনেকেই মনে করছেন বইটি বাজারে চলে এসেছে। ওই ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর রুজু করেছে পুলিশ।

Delhi Police MM Naravane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy