Advertisement
E-Paper

পিপিপি মডেলে শালবনিতে তৈরি হচ্ছে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, শিল্পোন্নয়নে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এই প্রকল্প ঘিরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে ২৫ বছরের ‘পাওয়ার পারচেজ় এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭
শালবনীতে গড়ে উঠবে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র।

শালবনীতে গড়ে উঠবে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি।

শিল্পোন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি এলাকায় ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে। রাজ্য সরকার এবং শিল্প সংস্থা জেএসডব্লিউ গ্রুপ যৌথ ভাবে এই প্রকল্পটি বাস্তবায়িত করবে। রাজ্য সরকারের অনুমোদনে জেএসডব্লিউ বেঙ্গল স্টিল লিমিটেডের লিজ়হোল্ড জমির প্রায় ১৬৮৮.১৫ একর জমি জেএসডব্লিউ থার্মাল এনার্জির হাতে তুলে দেওয়া হয়েছে। এই জমিতেই ভবিষ্যতে অতি উন্নত প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

জেএসডব্লিউ এনার্জি লিমিটেড ৮০০ মেগাওয়াটের দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট গড়ে তুলবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লাই ব্যবহার করা হবে, ফলে আমদানি নির্ভরতা কমবে এবং উৎপাদন খরচও নিয়ন্ত্রণে থাকবে। ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে ২৫ বছরের ‘পাওয়ার পারচেজ় এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।

শালবনিকে ঘিরে এই বৃহৎ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় শিল্প পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে মনে করছে রাজ্য সরকার। নির্মাণপর্ব ও পরবর্তী সময়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় রাজ্যের শিল্পাঞ্চলগুলির উৎপাদন ক্ষমতা বাড়বে বলে আশা।

রাজ্য প্রশাসনের একাংশের মতে, জেএসডব্লিউ গ্রুপের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে এবং শালবনিকে আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদন কেন্দ্র হিসাবে তুলে ধরবে।

Power Plant Salboni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy