ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একনাগাড়ে বৃষ্টি চলছে। তার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। জলমগ্ন কোচবিহার শহর। তার জেরে বিপর্যস্ত জনজীবন। মঙ্গল এবং বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে।
গত ৪৮ ঘণ্টা ধরে কোচবিহারে টানা বৃষ্টি হচ্ছে। রাত হলে বাড়ছে বৃষ্টির পরিমাণ। রবিবার তোর্সা নদীর অসংরক্ষিত এলাকায় জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে সোমবার সকালে জলস্তর কিছুটা কমেছে। অন্য দিকে, রবিবার রাতভর বৃষ্টির ফলে কোচবিহার শহরের ২০টি ওয়ার্ডই প্রায় জলমগ্ন। বিশেষ করে কলাবাগান, মিনি বাসস্ট্যান্ড, অমরতলা, পুরাতন পোস্ট অফিস-সহ শহরের বেশ কিছু ওয়ার্ডের বাড়িতেও জল ঢুকতে শুরু করে। জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী। পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যে দু’নম্বর ব্লকে খোলা হয়েছে ত্রাণকেন্দ্র।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, তোর্সা সংলগ্ন অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যে মাইকপ্রচার করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। ত্রিপল বিতরণ করা হয়েছে। শহরবাসীর অভিযোগ, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পবন বুচ্চা বলেন, ‘‘রাতভর বৃষ্টি হচ্ছে। হাঁটু পর্যন্ত জল জমে যাচ্ছে। শহরের নিকাশি ব্যবস্থার বেহাল দশা, সে কারণেই জল নামতে সময় লাগছে।’’