Advertisement
E-Paper

রাজ্যের দ্বিতীয় আইআইটি কি তৈরি হবে কোচবিহারে? স্পিকার রথীন্দ্রের ইঙ্গিতে বুক বাঁধছে ‘রাজার শহর’

রবিবার কোচবিহার ল্যান্সডাউন হলে বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে নিয়ে আয়োজিত হয় বিশেষ সভা। সেই সভা শেষে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু ইঙ্গিত দিলেন রাজ্যের দ্বিতীয় আইআইটি নিয়ে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২০:১৮
Rathindra Bose

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গবাসীর জন্য ঢালাও ঘোষণা হয়েছে রাজ্যের বিজেপি সরকারের নতুন বাজেটে। উত্তরবঙ্গ পাচ্ছে এমস, আইআইটি, আইআইএম থেকে শুরু করে নতুন বিমানবন্দরও। এ বার বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু জানালেন, রাজ্যের দ্বিতীয় আইআইটি-টি তৈরি হবে তাঁর জেলা কোচবিহারেই।

রবিবার কোচবিহার ল্যান্সডাউন হলে বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে নিয়ে আয়োজিত হয় বিশেষ সভা। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষে আয়োজিত সেই সভায় ছিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র। সভা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘একটা কথা বলা হয়নি। কোচবিহারে আইআইটি হোক, এটা আমরা চাই...।’’ খানিক থেমে তিনি আবার বলেন, ‘‘এ নিয়ে যাবতীয় প্রস্তুতি চলছে। যাতে আইআইটি কোচবিহারে পাওয়া যায়, সে জন্য অনুরোধ জানিয়েছি। দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই কথা হয়েছে।’’ অর্থাৎ এ নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে তিনি তদ্বির করেছেন বলে জানান।

রথীন্দ্র জানান, কোচবিহারে আইআইটি হলে উত্তরবঙ্গের আগামী প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে যাবে। ‘রাজার শহর’ কোচবিহারে একাধিক ডিগ্রি কলেজ রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। আইআইটি-তে ভর্তি হতে গেলে হয় উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের প্রথম নজর থাকে খড়্গপুর আইআইটি। দেশব্যাপী ২৩টি আইআইটি-এর মধ্যে একমাত্র আইআইটি যা পশ্চিমবঙ্গে অবস্থিত। এটিই দেশের প্রথম আইআইটি। বিজেপি বিধায়ক জানান, কোচবিহার শহরে একাধিক নামীদামি স্কুল রয়েছে। প্রতি বছর প্রচুর মেধাবী ছাত্রছাত্রী এই জেলা থেকে উঠে আসেন। স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি, একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক জেলায়। রাজ্যের দ্বিতীয় আইআইটি যাতে কোচবিহারে হয়, সেই চেষ্টাই করছেন তিনি।

Rathindra Bose IIT Cooch Behar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy