Advertisement
E-Paper

বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে সহজ রাস্তা আর্জেন্টিনার, আগেই বিদায় নিতে পারে পর্তুগাল, স্পেন, জার্মানি, কার পথ কত কঠিন?

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর বাড়ির পথ ধরেছে ১৬টি দেশ। বাকি ৩২টি এক এক করে বিদায় নিতে শুরু করবে রবিবার রাত থেকেই। নকআউটে বিভিন্ন দলের সামনেই কঠিন রাস্তা রয়েছে। কার কাছে কী অঙ্ক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২০:১০
football

মেসির আর্জেন্টিনার রাস্তা সহজ। ছবি: রয়টার্স।

৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। বিদায় নিয়ে বাড়ির পথ ধরেছে ১৬টি দেশ। পড়ে রয়েছে ৩২টি, যারা এক এক করে বিদায় নিতে শুরু করবে রবিবার রাত থেকেই। আর্জেন্টিনা এবং ফ্রান্স গ্রুপের তিনটি ম্যাচেই জিতে নকআউটে উঠেছে। লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপে মুখ্য ভূমিকা নিয়েছেন। তবে নকআউটে বিভিন্ন দলের সামনেই কঠিন রাস্তা রয়েছে।

প্রতিযোগিতায় কুরাসাওকে ৭-১ হারিয়ে অভিযান শুরু করলেও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে হতাশ জার্মানি। গ্রুপ পর্বে যা খেলেছে তাতে পুরোপুরি খুশি হতে পারবে না ব্রাজ়িল, পর্তুগাল, ইংল্যান্ড এবং স্পেনও। আর্জেন্টিনা এবং পর্তুগালকে দুই অর্ধে চলে যেতে দেখেও হতাশ ফুটবলপ্রেমীরা। ফলে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেদের শেষ বিশ্বকাপেও একে অপরের বিরুদ্ধে খেলবেন না। কোন দলের রাস্তা কেমন?

আর্জেন্টিনার রাস্তা

আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২-তে খেলবে কাবো ভার্দের সঙ্গে। ছোট এই দ্বীপরাষ্ট্র বিশ্বকাপে চমকে দিয়েছে সকলকে। স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে। আর্জেন্টিনা কাবো ভার্দেকে হারালে প্রি-কোয়ার্টারে মিশর বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। দুই দলই খোঁড়াতে খোঁড়াতে নকআউটে উঠেছে। ফলে আর্জেন্টিনার কাছে প্রি-কোয়ার্টারের লড়াই খুব কঠিন হবে না।

কোয়ার্টারে আর্জেন্টিনাকে খেলতে হতে পারে সুইৎজ়ারল্যান্ড, কলম্বিয়া, ঘানা বা আলজেরিয়ার মধ্যে কোও একটি দেশকে। তারাও আর্জেন্টিনার শক্তির বিচারে কিছুটা পিছিয়েই থাকবে। আর্জেন্টিনার রাস্তা বেশ সহজ।

মেসিদের কঠিন লড়াই হতে পারে সেমিফাইনালে। সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে রয়েছে ব্রাজ়‌িল, নরওয়ে, আইভরি কোস্ট বা ইংল্যান্ড। পানামা এবং ইকুয়েডরও চমকে দিতে পারে। ফলে শেষ চারের আগে আর্জেন্টিনার সামনে কঠিন লড়াই নেই।

অন্য অর্ধে ইউরোপীয় দৈত্যেরা

ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন এবং বেলজিয়াম— সকলেই একই অর্ধে পড়েছে। ফলে ফাইনালে উঠতে গেলে একে অপরের বিরুদ্ধে খেলতেই হবে। প্রি-কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে জার্মানি এবং ফ্রান্সের। ফলে ট্রফির এক দাবিদার আগেই ছিটকে যাবে। পর্তুগাল এবং স্পেনের ম্যাচও হতে পারে প্রি-কোয়ার্টারে। তাদের মধ্যেও কোনও দেশের যাত্রা আগেই শেষ হয়ে যাবে।

ইউরোপের শক্তিশালী দেশগুলিকে ফাইনালে উঠতে প্রতিটি পর্বেই নিজেদের সেরা ফুটবলটা দিতে হবে। সূচির বাঁ দিকের অর্ধে কিছু অঘটন দেখা যেতে পারে। কিন্তু ডান দিকের অর্ধে সম্ভাব্য যে ম্যাচগুলি হতে পারে, তার প্রতিটিই ফাইনাল ম্যাচের সমান গুরুত্বপূর্ণ।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৭ ঘণ্টা আগে
Lionel Messi Cristiano Ronaldo Argentina Football Portugal Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy