Advertisement
E-Paper

বছর দুয়েক আগে রাঁচীতে ধর্ষণের পর ক্রমাগত হুমকি, বিয়ের প্রস্তাব! অভিযোগ মুম্বইয়ের মডেলের

পুলিশের কাছে মডেলের অভিযোগ, প্রথম আলাপের সময় নিজের ভুয়ো পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। প্রায় দেড়-দু’বছর আগে মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ২০:০২
Representational Image of rape

রাঁচীর মডেলিং সংস্থার মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মুম্বইয়ের এক মডেল। —প্রতীকী ছবি।

প্রায় দেড়-দু’বছর আগে তাঁকে ধর্ষণ করেছিলেন রাঁচীর এক মডেলিং সংস্থার মালিক। রাঁচী ছেড়ে মুম্বইয়ে চলে এলেও আপত্তিকর ছবি দেখিয়ে তাঁকে ক্রমাগত ব্ল্যাকমেল করে চলেছেন। এমনকি, তাঁকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছেন। এই অভিযোগে ওই মডেলিং সংস্থার মালিকের বিরুদ্ধে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মডেল। যদিও অভিযুক্তের পাল্টা দাবি, খ্যাতির লোভেই তাঁকে বদনাম করার চেষ্টা করছেন ওই তরুণী।

মুম্বই পুলিশের ডিসিপি কৃষ্ণকান্ত উপাধ্যায় জানিয়েছেন, ২৮ মে ওই মডেলের বয়ান রেকর্ড করেছে ভারসোভা থানা। ডিসিপি বলেন, ‘‘ওই থানায় এফআইআর করলেও যে হেতু ঘটনাটি রাঁচীতে হয়েছে বলে অভিযোগ, সে জন্য মামলাটি ওই শহরের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(এন), ৩২৮, ৫০৪, ৫০৬ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করেছে ভারসোভা থানা। মঙ্গলবার এই অভিযোগ নথিভুক্ত করেছে রাঁচী পুলিশ। এ বার থেকে মুম্বই পুলিশের বদলে তারাই এই অভিযোগের তদন্ত করবে।’’

এই অভিযোগ খণ্ডন করে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ওই ব্যক্তি। তাঁর পাল্টা দাবি, ওই মডেলের সঙ্গে পেশাগত ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। নাম কামাতেই এ ভাবে তাঁকে অপমান করছেন ওই তরুণী।

পুলিশের কাছে মডেল জানিয়েছেন, ২০২০ সালে রাঁচীর ওই মডেলিং সংস্থায় যোগ দেন তিনি। সে সময় তাঁর সঙ্গে যেচে আলাপ করেছিলেন সংস্থার মালিক। অভিযোগ, প্রথম আলাপের সময় নিজের ভুয়ো পরিচয় দিয়েছিলেন ওই ব্যক্তি। প্রায় দেড়-দু’বছর আগে মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ওই মডেলের অভিযোগ, তাঁর আপত্তিকর ছবি তুলে সেগুলির মাধ্যমে ক্রমাগত ব্ল্যাকমেল করছেন অভিযুক্ত। এমনকি, তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। মুম্বইয়ে চলে এলেও তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি।

rape Mumbai ranchi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy