E-Paper

ট্রাম্পের পাক-স্তুতিতে মোদীর আলিঙ্গন ব্যর্থ, খোঁচা রমেশের

জড়িয়ে ধরা (হাগ) এবং কূটনীতি (ডিপ্লোমেসি), এই দুইয়ের ইংরেজি প্রতিশব্দকে জুড়ে তৈরি ‘হাগ্লোমেসি’ শব্দটি ব্যবহার করে মোদীকে বিঁধেছেন জয়রাম।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৯:৪৭
কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। ফাইল চিত্র।

আফগানিস্তানের তালিবান প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তান পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করার পরে পাক সেনাপ্রধান আসিম মুনির ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ভূয়সী প্রশংসা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আলিঙ্গনের কূটনীতি’ ফের ধাক্কা খেয়েছে বলে কটাক্ষ ছুড়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।

জড়িয়ে ধরা (হাগ) এবং কূটনীতি (ডিপ্লোমেসি), এই দুইয়ের ইংরেজি প্রতিশব্দকে জুড়ে তৈরি ‘হাগ্লোমেসি’ শব্দটি ব্যবহার করে মোদীকে বিঁধেছেন জয়রাম। ট্রাম্প-সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময়ে মোদী তাঁদের যে ভাবে আলিঙ্গন করেন, তা কূটনৈতিক দুনিয়াতেও চর্চার বিষয়। ট্রাম্পকে গত কাল পাক-আফগান সংঘর্ষ থামাতে তিনি হস্তক্ষেপ করবেন কি না, সেই প্রশ্ন করা হলে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ‘‘করব। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। সে দেশে এক জন দারুণ প্রধানমন্ত্রী এবং দারুণ জেনারেল রয়েছেন। আমি তাঁদের দু’জনকেই খুব শ্রদ্ধা করি।’’ সেই প্রসঙ্গেই এক্স হ্যান্ডলে জয়রাম লিখেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে প্রেসিডেন্ট ট্রাম্পের পুরোদস্তুর এবং সুনির্দিষ্ট সমর্থন ভারতীয় হাগ্লোমেসির উপরে আরও একটি ধাক্কা। তিনি (ট্রাম্প) আরও এক বার সেই ব্যক্তির (মুনির) প্রশংসায় পঞ্চমুখ হলেন, যাঁর উস্কানিমূলক মন্তব্যের পরে পাকিস্তান পহেলগামে জঙ্গি হামলা ঘটিয়েছিল।... পাকিস্তানের ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আর ভারত-পাকিস্তানের নাম একসঙ্গে জুড়ে দিয়ে ট্রাম্প আমাদের কৌশলগত কূটনীতিকে বার বার আঘাত করেছেন।’

কখনও ভারত-পাক সংঘর্ষ থামানোর লাগাতার দাবি করে, কখনও ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে গত এক বছর ধরে মোদীকে অস্বস্তিতে ফেলে চলেছেন ট্রাম্প। এমনকি এপস্টিন ফাইলস ও গৌতম আদানিকে আমেরিকান বিচার বিভাগের সমনের চাপের মুখে মোদী আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তিতে আপস করেছেন বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন। জয়রামের বক্তব্য, ‘‘মোদী যে ভাবে একতরফা বাণিজ্যচুক্তিতে আত্মসমর্পণ করলেন তাতে স্পষ্ট, আমেরিকার সঙ্গে আমাদের আর্থিক কূটনীতিও ব্যর্থ হয়েছে। আমেরিকান চাষিদের ফসল কেনার দৃঢ় অঙ্গীকার করেছে ভারত। সেখানে আমেরিকা অস্পষ্ট ভাবে বলেছে, তারা আরও ভারতীয় পণ্য নেবে। আর চুক্তির কয়েক দিনের মধ্যেই ভারত থেকে রফতানি হওয়া সৌর মডিউলের উপরে ১২৫.৮৭ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা। সারা বিশ্ব, বিশেষ করে আমেরিকা স্বঘোষিত বিশ্বগুরুর আসল চেহারাটি ধরে ফেলেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump Narendra Modi Jairam Ramesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy