পাঠানকোটে হামলার তদন্তে ভারতকে সব রকম সহযোগিতা করবে পাকিস্তান। মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করে জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাশাপাশি, তিনি এই হামলার তীব্র নিন্দাও করেন। এ দিন দু’দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এ বিষয়ে আলোচনার পর মোদী-শরিফের কথা হয়। সূত্রের খবর, ভারতের দেওয়া নথির ভিত্তিতে হামলাকারী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে ভারত। নওয়াজ শরিফ এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন বলে ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
সূত্রের খবর, হামলাকারী জঙ্গিদের কাছ থেকে এমন অনেক কিছু উদ্ধার হয়েছে যা পাক যোগ আরও স্পষ্ট করেছে। শুধু তাই নয়, জঙ্গিরা হামলা চালানোর আগে যে পাকিস্তানে ফোন করেছিল সেই কল রেকর্ডও তদন্তকারীদের হাতে এসেছে। হামলায় পাক যোগকে আরও মজবুত করতে পারে এমন সব তথ্য সোমবারই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত।