E-Paper

তামিলনাড়ুতে চূড়ান্ত এনডিএ-র আসনরফা

আগামী ২৩ এপ্রিল, একটি পর্বেই তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:০২
এম কে স্ট্যালিন।

এম কে স্ট্যালিন। ফাইল চিত্র।

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করল এনডিএ। শরিকদের বেশ কয়েকদফা আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে এডিএমকে লড়বে ১৭৮টি আসনে। বিজেপি ২৭, পিএমকে ১৮ এবং এএমএমকে ১১টি আসনে লড়বে। এডিএমকে নেতা ই পলানীস্বামী আজ জানিয়েছেন, আসনের খুঁটিনাটি নিয়ে কথাবার্তা চলছে। শীঘ্রই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

আগামী ২৩ এপ্রিল, একটি পর্বেই তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট। এনডিএ-র শরিক দলগুলির সমঝোতা চূড়ান্ত হওয়ার পর পলানীস্বামী এ দিন দাবি করেছেন, এ বারের বিধানসভা ভোটে রাজ্যের মানুষ ডিএমকে সরকারকে ছুড়ে ফেলে এনডিএ-কে ক্ষমতায় নিয়ে আসবে। তবে সেই রকম পরিস্থিতি এলে এডিএমকে ও বিজেপি জোট সরকার গড়বে কি না, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ দিন পলানীস্বামীর জবাব কৌতূহলের সৃষ্টি করেছে। তাঁর কথায়, ‘‘এডিএমকে একাই সরকার গড়তে পারবে, এ নিয়ে কোনওসন্দেহই নেই।’’

এরই মধ্যে তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা পীযূষ গয়াল দাবি করেছেন, আসন্ন বিধানসভা ভোটে ভোটাররা ডিএমকে-কংগ্রেস জোটকে ছুড়ে ফেলবে। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার ও দিল্লির বিধানসভা ভোটের মতো এ বার তামিলনাড়ুর মানুষও বিরোধী মঞ্চ ইন্ডিয়া-কে প্রত্যাখ্যান করবে বলে দাবি করেছেন তিনি। গয়ালের মতে, ভোটাররা সুশাসন, উন্নয়নের রাজনীতি, মহিলা ও যুবকদের উন্নতির সুযোগ চাইছে। সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো উন্নয়নের পথে তাঁরা তামিলনাড়ুকেও জুড়তে চান। তামিলনাড়ুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি কাজ করে যাবে বলে দাবি করেছেন গয়াল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

DMK MK Stalin

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy