Advertisement
E-Paper

দিল্লির জিমখানা ক্লাবের নামে ২১৭ কোটির মিউচুয়াল ফান্ড! ২০২৪-২৫ অর্থবর্ষে মোট সম্পদ ১২৯ কোটির, অভিযোগের তালিকাও দীর্ঘ

নথিপত্র থেকে জানা গিয়েছে, ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২৯ কোটি টাকা। আয়ের সবচেয়ে বড় উৎস— রেস্তোরাঁ, বার এবং ব্যাঙ্কোয়েট, যা থেকে এই বছরে প্রায় ৪৩ কোটি টাকা আয় হয়েছে। মোট ব্যয় আগের বছরের তুলনায় ৬৬.১ কোটি টাকা থেকে সামান্য বেড়ে ৬৯.২ কোটি টাকা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০২:৪৯
দিল্লি জিমখানা ক্লাব।

দিল্লি জিমখানা ক্লাব। —ফাইল চিত্র।

দিল্লির শতাব্দীপ্রাচীন জিমখানা ক্লাবের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এল। নিউজ় ১৮-এর একটি প্রতিবেদনে উল্লেখ, ২০২৪-২৫ অর্থবর্ষের তথ্য অনুযায়ী ২৭.৩ একর (প্রায় ৮৭৩ কাঠা) জমি জুড়ে ওই অভিজাত জিমখানার নামে ১৬২ কোটি টাকার বেশি বিনিয়োগ এবং প্রায় ১২৯ কোটি টাকার মোট সম্পদ আছে।

২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবটির মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়োর বাজারমূল্য ছিল প্রায় ২১৭ কোটি টাকা। তার মধ্যে সব চেয়ে বিনিয়োগ করা হয়েছে— আদিত্য বিড়লা সান লাইফ কর্পোরেট বন্ড ফান্ড (১৮.৭ কোটি টাকা), কোটাক কর্পোরেট বন্ড ফান্ড (১৪.২ কোটি টাকা), আইসিআইসিআই প্রুডেনশিয়াল কর্পোরেট বন্ড ফান্ডে (১৩.৫ কোটি টাকা) এবং আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ ডেব্‌ট ফান্ডে (প্রায় ১১ কোটি টাকা)। মিউচুয়াল ফান্ড ছাড়াও, ১২ মাসের বেশি মেয়াদি ফিক্সড ডিপোজ়িটে ২৪ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছিল। ওই অর্থবর্ষের শেষে ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটির বেশি টাকা ছিল।

নথিপত্র থেকে জানা গিয়েছে, ক্লাবটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২৯ কোটি টাকা। আয়ের সবচেয়ে বড় উৎস— রেস্তোরাঁ, বার এবং ব্যাঙ্কোয়েট, যা থেকে এই বছরে প্রায় ৪৩ কোটি টাকা আয় হয়েছে। মোট ব্যয় আগের বছরের তুলনায় ৬৬.১ কোটি টাকা থেকে সামান্য বেড়ে ৬৯.২ কোটি টাকা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসের শেষে ক্লাবটির মোট সদস্য সংখ্যা ছিল ১৪ হাজার ৫৪৭ জন।

২০২২ সালে পরিদর্শনের পর কর্পোরেট বিষয়ক মন্ত্রক দিল্লি জিমখানা ক্লাবের বেশ কিছু বেআইনি কার্যকলাপের কথা তুলে ধরেছিল। এর মধ্যে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আর্থিক অনিয়ম থেকে শুরু করে অবৈধ নিয়োগ এবং জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের মতো গুরুতর বিষয় রয়েছে। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকাঠামোর জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ক্লাবটিকে আগামী ৫ জুনের মধ্যে তার ২৭.৩ একর জমি খালি করার নির্দেশ দিয়েছে। ক্লাবটি এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কেন্দ্রের কাছে আবেদন‌ও জানিয়েছে।

দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই ২৭.৩ একর (প্রায় ৮৭৩ কাঠা) জমি জুড়ে রয়েছে অভিজাত জিমখানা ক্লাব। ব্রিটিশ আমলে এই ক্লাব তৈরি করা হয়েছিল। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের পর ব্রিটিশ কর্তাদের আমোদপ্রমোদ, মনোরঞ্জন ছিল এর উদ্দেশ্য। গত ২২ মে এই জিমখানা ক্লাবকে নোটিস ধরিয়েছে কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগরোন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের অধীন জমি ও উন্নয়ন দফতর (এল অ্যান্ড ডিও)। বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরিকাঠামো মজবুত এবং সুরক্ষিত করার জন্য এই জমি প্রয়োজন। তাই ৫ জুনের মধ্যে তা খালি করে দিতে হবে।

Corruption Case Net Worth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy