Advertisement
E-Paper

বিহার বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল! গত সাত দশকের মধ্যে সবচেয়ে কম

২০২২-২৩ সালের রাজ্য জাতগণনার ফল বলছে, বিহারের ১৩ কোটি ৭ লক্ষ জনসংখ্যার মধ্যে মুসলিম প্রায় ১৭.৭ শতাংশ। কিন্তু ২৪৩ আসনের বিহার বিধানসভায় এ বার মুসলিমদের প্রতিনিধিত্ব ৫ শতাংশের নীচে নেমে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:৩১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

২৪৩-এর মধ্যে মাত্র ১০! সাত দশকের মধ্যে সবচেয়ে কম মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার। এ বার বিহারের বিধানসভা ভোটে শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন, দু’তরফই মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। তাদের মধ্যেও অধিকাংশই পরাস্ত হয়েছেন নির্বাচনে।

যদিও ২০২২-২৩ সালের রাজ্য জাতগণনার ফল বলছে, বিহারের ১৩ কোটি ৭ লক্ষ জনসংখ্যার মধ্যে মুসলিম প্রায় ১৭.৭ শতাংশ। কিন্তু বিধানসভায় সে রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই। তাৎপর্যপূর্ণ ভাবে জয়ী ১০ প্রার্থীর মধ্যে পাঁচ জনই হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ এ বার চার জন মুসলিমকে প্রার্থী করেছিল। তাঁদের মধ্যে মাত্র এক জন, নীতীশ মন্ত্রিসভার সদস্য মহম্মদ জামা খান জয়ী হয়েছেন। কৈমুর জেলার চৈনপুর আসন থেকে গত বারে বিএসপির টিকিটে তিনি জয়ী হয়েছিলেন। এ বার দল বদল করে জেডিইউতে যোগ দেন।

এনডিএ-র আর এক শরিক লোক জনশক্তি পার্টি এক জন মুসলিম প্রার্থী দিলেও তিনি জিততে পারেননি। অন্য দিকে, তেজস্বী যাদবে আরজেডি এবং তাঁর সহযোগী কংগ্রেসের দু’জন করে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে। প্রসঙ্গত, ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে ১৯ জন মুসলিম প্রার্থী জিতেছিলেন। বিধানসভায় আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল ৭.৮১ শতাংশ। তার আগে ২০১৫ সালের বিধানসভা ভোটে জিতেছিলেন ২৪ জন মুসলিম প্রার্থী। অর্থাৎ ৯.৮৭ শতাংশ। এ বার তা নেমে গিয়েছে পাঁচ শতাংশেরও নীচে!

Advertisement
সংক্ষেপে
  • ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর)। ভোটগণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। বিহারবাসীর জন্য সব দলই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে, এক কোটি চাকরি থেকে শুরু করে মহিলাদের অর্থসাহায্য— বাদ নেই কিছুই। বিরোধীরা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বার বার বিহারে প্রচারে এসে জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। তবে ভোটে যদি এনডিএ জেতে তবে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছে শাসকজোট।
  • রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরাজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়ছে বিজেপি আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। শাসকজোট এ নিয়ে কটাক্ষ করলেও বিরোধীদের দাবি, ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’।
Bihar Assembly Election Bihar Assembly Election 2025 Bihar Muslim muslim vote
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy