Advertisement
E-Paper

Nirav Modi: ব্রিটিশ আদালতে শুনানি ১৪ ডিসেম্বর, ভারতে আপাতত প্রত্যর্পণ নয় নীরব মোদীর

ভারতে ঋণখেলাপের একাধিক মামলায় অভিযুক্ত ৫০ বছরের নীরব গোপনে দেশ ছেড়েছিলেন বলে অভিযোগ। ২০১৯ সালের ১৯ মার্চ লন্ডনে গ্রেফতার হন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ২২:৩১
নীরব মোদী।

নীরব মোদী। ফাইল চিত্র।

মুম্বইয়ের আর্থার রোড জেলে না কি তাঁকে রাখার বন্দোবস্তও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বুধবার ব্রিটেনের আদালতের ঘোষণা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীকে দ্রুত ভারতে প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন তুলে দিল।

ভারতে প্রত্যর্পণের বিচারবিভাগীয় নির্দেশ চ্যালেঞ্জ করে নীরব যে আবেদন করেছিলেন, তা গ্রহণ করেছে ব্রিটেনের আদালত। আগামী ১৪ ডিসেম্বর ওয়ান্ডসওয়ার্থ কারাগারে বন্দি নীরবের আবেদনের শুনানি হবে ওয়েস্টমিনিস্টার আদালতে।

ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত একটি মামলায় শুনানির পর ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত জানিয়েছিল, পিএনবি থেকে প্রায় ১৪ হাজার কোটি টাকা প্রতারণায় নীরবের ‘ভূমিকা’র বিষয়ে ভারতের দেওয়া প্রমাণে আদালত সন্তুষ্ট। নীরবকে ভারতের হাতে প্রত্যর্পণ করা যেতে পারে বলেও জানিয়েছিল আদালত। এর পর এপ্রিলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেল নীরবের প্রত্যর্পণ সংক্রান্ত আইনি নির্দেশনামায় সই করেছিলেন। কিন্তু সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিটিশ হাই কোর্টের দ্বারস্থ হন নীরব।

অগস্টে হাই কোর্ট জানায়, ‘মানসিক অসুস্থতা’ ও ‘আত্মহত্যা প্রবণতা’, এই দুই কারণ দেখিয়ে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে ফের নিম্ন আদালতে আবেদন করতে পারবেন নীরব। বুধবার হাই কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর ওয়েস্টমিনিস্টার আদালতে নীরবের আদালতের একদিনের শুনানি।

প্রসঙ্গত, ভারতে ঋণখেলাপের একাধিক মামলায় অভিযুক্ত ৫০ বছরের নীরব গোপনে দেশ ছেড়েছিলেন বলে অভিযোগ। ২০১৯ সালের ১৯ মার্চ লন্ডনে গ্রেফতার হন তিনি। একাধিক বার জামিনের আবেদন নাকচ হয় তাঁর।

Nirav Modi PNB Scam London Britain United Kingdom Mehul Choksi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy