এ বার কি সত্যিই সক্রিয় রাজনীতিতে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত? তেমনই ইঙ্গিত দিলেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) এক প্রবীণ নেতা তথা মন্ত্রী শারওয়ান কুমার। শুধু রাজনীতি জীবন শুরু করবেন তা নয়, নিশান্ত জেডিইউ-তে ‘বড় দায়িত্ব’ও পেতে পারেন! শারওয়ানের দাবি, সব কিছু চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
সংবাদসংস্থা পিটিআই-কে জেডিইউ নেতা জানান, দু’-এক দিনের মধ্যেই সক্রিয় রাজনীতিতে নিশান্তের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হবে। দলের তরফে তাঁকে বড় দায়িত্বও দেওয়া হবে। অনেকের মনে প্রশ্ন, নিশান্তকে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে? সরাসরি তাঁর উত্তর না-দিয়ে শারওয়ান বলেন, ‘‘যে কোনও কিছু ঘটতে পারে!’’
৪৯ বছরের নিশান্ত অবিবাহিত। পটনা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। স্কুলের গণ্ডি পেরিয়ে রাঁচীর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পরে বহুজাতিক সংস্থায় চাকরিও করেছেন তিনি। তবে কখনই সক্রিয় রাজনীতিতে যোগদানের ব্যাপারে তাঁর উৎসাহ দেখা যায়নি। বার বার তাঁর রাজনীতিতে যোগদানের ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে। অনেকে এ-ও দাবি করেন, নীতীশের পর তাঁর রাজনৈতিক উত্তরসূরি হবেন নিশান্তই! তবে নিশান্ত বা নীতীশ— কেউই এ নিয়ে কোনও মন্তব্য করেননি কখনও।
আরও পড়ুন:
বাবার হয়ে প্রচারে বার বার দেখা গিয়েছে নিশান্তকে। কিন্তু সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। গত বিধানসভা ভোটের আগেও জল্পনা হয়, এ বার হয়তো নিশান্তকে প্রার্থী করা হবে! যদিও সেটা জল্পনার স্তরেই থেকে গিয়েছিল। ২০১৭ সালে বাবার দলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিশান্ত জানিয়েছিলেন, রাজনীতিতে প্রবেশের কোনও ইচ্ছা তাঁর নেই। বরং তিনি বেছে নিতে চান আধ্যাত্মিক পথকে। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই, এই ক্ষেত্র সম্পর্কে আমার তেমন জ্ঞানও নেই।’’ তবে সময়ের সঙ্গে সঙ্গে কি মত পাল্টাল নিশান্তের?